সাতক্ষীরায় প্রতিপক্ষের মামলায় কারাগারে নারী
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন নাসরিন নামের এক নারী। তাঁর অভিযোগ, এ ঘটনায় থানায় এজাহার দিয়েও মামলা করতে পারেননি তাঁরা। উল্টো প্রতিপক্ষের করা মামলায় তাঁর বোন উম্মে কুলসুম কারাগারে রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সুলতানপুরে জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাসরিন। তিনি জানান, গত ৫ অক্টোবর পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে পরিবারের কয়েকজন আহত হন এবং স্বর্ণের চেইন ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
নাসরিনের ভাষ্য, ৬ অক্টোবর দায়ের করা একটি মামলায় তাঁর বোন উম্মে কুলসুমসহ পরিবারের কয়েকজনকে আসামি করা হয়। বর্তমানে উম্মে কুলসুম কারাগারে রয়েছেন; তাঁর স্বামী ও ছেলে জামিনে মুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন নাসরিন ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।









