মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

নিজস্ব প্রতিনিধি: “সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করেছে ‘প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’।

শনিবার (২০ জুন) সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের ‘পদ্মা হল রুমে’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক উদ্যোগ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সে জীবন রেখে কোনো লাভ নেই, যে জীবন নিঃশ্বাসের সাথে হারিয়ে যায়। এমন কিছু করতে চাই, যেন মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার এই ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

আয়োজকরা জানান, সুবর্ণ নাগরিকদের কল্যাণ ও সহায়তায় ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
ডাক্তার আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম, উপদেষ্টা শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক মো. রাহাতুল ইসলাম বাপ্পা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা এসএম বিপ্লব হোসেন, সাংবাদিক আবু জাফর (ইকবাল), মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ সংস্থার সদস্যবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও সুবর্ণ নাগরিকরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সুবর্ণ নাগরিক ও অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Ads small one

কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া-ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে গোপনে গভর্নিং বডি গঠনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। সোমবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কোনো নিয়ম না মেনে অতি গোপনে একটি মনগড়া কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। গত রোববার এই বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সদুত্তর না দিয়ে বহিরাগত ২০-২৫ জনকে ডেকে এনে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

 

এমনকি অধ্যক্ষ নিজে টেবিলের মগ দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ রাহাজ উদ্দীনকে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও তাঁরা হেনস্তার শিকার হন। অধ্যক্ষের এমন কর্মকা-ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

পত্রদূত ডেস্ক: শ্যামনগরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে নেটজ-পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস।

সংলাপে বক্তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতাপ্রাপ্ত কৃষাণী শঙ্করী রানীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম ও এনজিও সমন্বয় পরিষদের সদস্যসচিব গাজী আল ইমরান। বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় সংবাদের শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ।

পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে খাগড়াছড়ির রামগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত ইমনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের পাইকগাছায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে পাইকগাছার ঘোষাল এলাকার ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান খাগড়াছড়ির রামগড় থানার সোনাইপুল গ্রামের ইমনের। কিশোরী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করার পর গতকাল রোববার কিশোরীর মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল রামগড় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রোববার সন্ধ্যা ৭টার দিকে ইমনের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।