সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার সকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ উদ্যোগে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।












