সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: জলবায়ু রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে এবং জেটনেটবিডি, বেলা, টিআইবি, এএলআরডি, ফিনিশ মন্ডলীয়াল ফাউন্ডেশন এবং ধরার সহযোগিতায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে র্যালি শুরু করে শহিদ রাজ্জাক পার্কে শেষ হয়। র্যালি শেষে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় কবি ও শিক্ষক পল্টু বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
বেলার নেটওয়ার্ক সদস্য রেহেনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, টিআইবি সভাপতি তোহিদুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি তৈয়ব হাসান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মোনায়েম খান, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, হেড সংস্থার নির্বাহী পরিচালকসহ লুইস রানা গাইন প্রমুখ। নোট পেপার উপস্থাপনা করেন আলফাজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জলবায়ুর জন্য এখনই পদক্ষেপ, সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলসহ পুরো দেশকে রক্ষা করতে হলে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সাথে নিয়েই পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব।
আলোচনা সভার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষ রোপন করা হয়।












