মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা ব্লিস হাসপাতালে আগুন: ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরা ব্লিস হাসপাতালে আগুন: ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড় (পলাশপোল) এলাকায় অবস্থিত ১০তলা ভবনবিশিষ্ট ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে লাগা এ আগুনে পুরো ভবন ঘন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগীকে নিরাপদে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে সাত দিন আগে ব্লিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি আশাশুনি সদরের বাসিন্দা বলে জানা যায়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গ্রাউন্ড ফ্লোরের অক্সিজেন সিলিন্ডারের লিকেজ বা এসি কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের সিঁড়ি দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া ১০তলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসাধীন ৬০-৬৫ জন রোগী, নারী, শিশু, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। অগ্নিকা- ও হুড়োহুড়ির মধ্যে নারী, শিশু ও বয়স্কসহ বেশ কয়েকজন আহত হন।
সংবাদ পাওয়ার পর প্রথমে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরবর্তীতে পার্শ্ববর্তী স্টেশনসহ মোট ৪ থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে বিজিবির (৩৩ ব্যাটালিয়ন) দুই প্লাটুন সদস্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ভেতরে আটকে পড়াদের উদ্ধার অভিযানে অংশ নেন। উদ্ধারকৃতদের অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। এ ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল।
এদিকে অগ্নিকা- ও উদ্ধারের সময় ইমার্জেন্সি এক্সিট (জরুরি নির্গমন পথ) বন্ধ থাকার মারাত্মক অভিযোগ তুলেছেন রোগী ও স্বজনেরা। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, নকশা লঙ্ঘন করে জরুরি বের হওয়ার সিঁড়ির মুখে ইট-সিমেন্টের দেয়াল গেঁথে স্থায়ীভাবে টয়লেট নির্মাণ করা হয়েছিল। ফলে ধোঁয়া আচ্ছন্ন ভবনে রোগীরা জরুরি পথ দিয়ে বের হতে না পেরে আটকা পড়েন। ভবনে কার্যকর কোনো অগ্নিনির্বাপক যন্ত্রও ছিল না বলে স্বজনেরা দাবি করেন। উল্লেখ্য, পূর্বে ‘সিভি হাসপাতাল’ নামে পরিচিত ভবনটি সম্প্রতি মালিকানা বদলে ‘ব্লিস হাসপাতাল’ নাম ধারণ করলেও অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দ্রুত সাড়া দেওয়ার কারণে একটি বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে ভবনের ভেতরে প্রচুর বিষাক্ত ধোঁয়া জমে থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযানে বেগ পেতে হয় এবং কয়েকজন ফায়ার সার্ভিস সদস্যও অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকা-ের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, অগ্নিকা-ের পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখা হয়।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান ও পরিচালক কবির হোসেন জানান, এটি একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। অক্সিজেন বা এসি সংক্রান্ত স্থান থেকে ঘটনার সূত্রপাত। তবে বেজমেন্টে কোনো ক্ষতি হয়নি। জরুরি সংস্কার ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই হাসপাতালের সেবা কার্যক্রম পুনরার চালু করার চেষ্টা চলছে।

Ads small one

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাতক্ষীরার এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাতক্ষীরার এক ব্যক্তির মৃত্যু

 

পত্রদূত রিপোর্ট: রাজধানী ঢাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে নিচে পড়ে মো. মোজাফফর হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের (ওয়াদুদ আমিন) ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে নিহতের নিজ বাসভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মোজাফফর হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

 

আশাশুনিতে জন্মাষ্টমী পালনে পূজা উদযাপন ফ্রন্টের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে জন্মাষ্টমী পালনে পূজা উদযাপন ফ্রন্টের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আয়োজনে ২০২৬ সালের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আশাশুনি বাজার কালীমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি তুষার কান্তি ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রীতিষ রায়ের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
সবাই ঐক্যবদ্ধভাবে আগামী জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও সদর পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শ্যামনগরে ৩২টি জব্দকৃত চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
শ্যামনগরে ৩২টি জব্দকৃত চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন খাল ও বিলে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জব্দকৃত এসব জাল ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল ও সংলগ্ন খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ ম-ল ও সুকুমার। এ সময় স্থানীয় ইউপির গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অভিযানে সার্বিক সহায়তা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান জানান, চায়না দুয়ারি জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের অতিসূক্ষ্ম জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়ছে। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে শ্যামনগরের সব এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।