মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এসব স্লোগান দেন। প্রিয় সহপাঠীর হত্যার বিচার দাবিতে এ সময় কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পায়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান ও ফুফাতো ভাই তামিম।
বক্তারা বলেন, জাকারিয়া ছিলেন একজন কলেজশিক্ষার্থী। তার সামনে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু সহিংসতার ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করে। জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান বলেন, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
জাকারিয়া খান ২০২৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় কলেজের সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে।
গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া খান ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জাকারিয়ার ভাই মো. শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি কিশোর গ্যাঙ লিডার  নাহিদসহ   কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাকারিয়ার হত্যার বিচার শুধু তার পরিবারের দাবি নয়, এটি তাদের  সহপাঠীদেরও দাবি। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এ দাবিতে সোচ্চার থাকবেন।

Ads small one

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেবহাটা সাহিত্য পরিষদের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেবহাটা সাহিত্য পরিষদের আলোচনা সভা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি ও সাহিত্যিক পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ বাহাউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ অদুদ মোল্লা।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষকরা পারেন পুরো জাতিকে পরিবর্তন করতে, এজন্য শিক্ষকদের মর্যাদা দিতে হবে, যারা শিক্ষা গুরুকে সম্মান করেনা তারা কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য শিক্ষকদের সর্বদা সব সময় সব যায়গায় তাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন কবি ডাঃ সালেক রেজা, ডাঃ বাসনা কুমার মন্ডল, কানাই লাল মৃধা, হাসিনা মেম্বার, আসমা খাতুন, সাদিয়া সুলতানা, আক্তার ঢালী, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন ও রিপন হোসেন প্রমুখ। আলোচনা শেষে সকল শিক্ষকদের অসামান্য অবদানের জন্য দোয়া, অভিনন্দন ও মঙ্গল কামনা করা হয়।

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে নজরুল বর্ষ-২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ-২০২৬-২৭ উপলক্ষে কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, হামদ না’ত, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১১০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট গিফট বক্স ও সনদপত্র প্রদান করা হয়।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের গোপালপুর মৌজায় রেকর্ডীয় জমি ভিপি দেখিয়ে বহিরাগতদের নামে একসনা ইজারা দেয়ায় এর প্রতিবাদে ও বাতিলের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ নতুন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সম্পাদক আবু সালেহ মোঃ ইকবাল, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ ও মোহর আলী।

বক্তারা বলেন, উপজেলার গোপালপুর মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি ভিপি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করেছে সহকারী কমিশনার (ভুমি) অফিস। যা সৌগত ঘোষদের পুর্ব পুরুষদের রেকর্ডীয় জমি। তবে সরকার ভিপি তালিকা ভুক্ত করে এ সম্প্রতি বন্দোবস্ত দিচ্ছে। এদিকে এর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ পাইকগাছা ও জেলা জজআদালাত থেকে পৃথক দুটি রায় পেয়েছেন জমির মালিকগণ, আছে নিষেধাজ্ঞা।

 

একই সাথে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর মামলা চলছে বলে সৌগত জানান। যা অবৈধ ভাবে বন্দোবস্ত দেয়া হচ্ছে। বন্দোবস্ত দেয়ার পর ঐ জায়গায় বন্দোবস্ত প্রাপ্তরা ঘর নির্মাণ করতে থাকলে স্থানীয় জনতা তা ভেঙ্গে দেয়।