রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তালায় ছাত্রদল নেতার বৃক্ষ চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তালায় ছাত্রদল নেতার বৃক্ষ চারা বিতরণ

তালা প্রতিনিধি: ‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেযারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তালায় বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বিকালে বিভিন্ন প্রজাতির ৬শ গাছের চারা বিতরণ করা হয়েছে।

‎এবিষয়ে ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে তালা উপজেলা ১নং ধানদিয়া ইউনিয়নে দারুস সুন্নাহ সালাফিইয়াহ একাডেমীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

‎এসময় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল আহমেদ ও আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্রদল নেতা মো. মাসুদ হাসানসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎বৃক্ষ চারা বিতরণ শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

Ads small one

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব কৈখালীর রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়া এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপোযোগী হওয়ায় ১৬ আগষ্ট (রবিবার) বেলা ১১ টায় রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।

 

জানা যায়, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ¦ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার উপর পানি জমাট বাঁধে। সৃষ্টি হয় কাঁদা। যার ফলে সাধারণ পথচারীসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় অবশেষে স্থানীয় যুবকেরা এবং এলকাবাসীরা মিলে ব্যতিক্রম প্রতিবাদ হিসাবে রাস্তার কাঁদাযুক্ত স্থানে ধান রোপন করে প্রতিবাদ করে।

এ বিষয়ে স্থানীয় রফিকুল ইসলামের পুত্র মোঃ এবাদুল ইসলাম বলেন, আমরা উপকুলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমি ছোট বেলা থেকে দেখছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘ বছরে কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে রাস্তায় হাটু সমান কাঁদা সৃষ্টি হয়। রাস্তাটি দিয়ে এলাকার কমলমতি ছাত্র ছাত্রী, সরকারী, বেসরকারী চাকুরীজিবিসহ বিভিন্ন পেশা মানুষের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরী রুগি নিয়ে রাস্তা দিয়ে যানবাহন যোগে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই।

 

বিকল্প হিসাবে নদী পথে ট্রলার যোগে নিয়ে যেতে হয় দীর্ঘ সময় ধরে। তার মধ্যে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নিয়ে বার বার স্থানীয় জন প্রতিনিধিদের সাথে বলেও কোন প্রকার সুরহ না পেয়ে অবশেষে রবিবার আমরা রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ করেছি। আমরা দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, আমি ফেসবুক হতে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছি। উক্ত রাস্তাটি দ্রুত কার্পেটিং হবে।

এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বলেন, আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পরে বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন করি। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি সীমান্ত সড়ক নামে কার্পেটিং এর জন্য অনুমোদন হয়েছে। খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় বসতবাড়িতে ঢুকে আবু মুছা নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। জমি ও ঘের সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে তাকে কুড়াল দিয়ে কোপানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। হামলার ঘটনায় আবু মুছার মা মাজেদা বেগম আহত হন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত আবু মুছা ওই গ্রামের মোহাব্বত আলী সরদারের ছেলে।

‎আবু মুছা জানান, জমি ও মাছের ঘের নিয়ে পাশ্ববর্তী মজিদ সরদারের সাথে তাদের দীর্ঘদিন বিরোধ রয়েছে। এনিয়ে আগেও মজিদ সরদার ও তার পরিবারের লোকজন হামলা এবং মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমরা নির্দোষ প্রমানিত হওয়ায় মজিদ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

শনিবার সকালে মজিদ সরদার, তার ছেলে তোফায়েল ইসলাম সৈকত, রাফায়েল ইসলাম সাগর ও স্ত্রী ফিরোজা বেগম বাড়িতে এসে অকথ্য গালিগালাজ এবং হুমকি দিতে থাকে। এনিয়ে তর্কের একপর্যায়ে তোফায়েল ইসলাম সৈকত কুড়াল দিয়ে আবু মুছাকে কোপ মারে। এসময় আবু আবু মুছার মা মাজেদা বেগম সন্তানকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। ঘটনায় গুরুতর আহত আবু মুছাসহ তার মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশিরা।

‎এঘটনায় আবু মুছা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎এ বিষয়ে তালা থানার ওসি আবু বক্কর ছিদ্দীক জানান, ঘটনায় লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে খুলনার কয়রা উপজেলা থেকে এক গৃহবধূকে (৪০) সাতক্ষীরার তালায় এনে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিপ্রা ও অনুপ। তবে মামলায় আরও একজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার কথা বলা হয়। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় সাতক্ষীরায় গিয়ে চিকিৎসক পাওয়া যাবে নাÑএমন কথা বলে তাকে কৌশলে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

স্বজনের অভিযোগ, রাজু নামে এক যুবক ওই গৃহবধূকে বাসাটিতে নিয়ে যান। তিনি সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন বলে পরিচয় দিয়েছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, রাতে ওই বাসায় বসবাসকারী এক নারীর সহযোগিতায় গৃহবধূর খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো হয়। খাবার খেয়ে তিনি অচেতন হয়ে পড়লে রাজু তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে জ্ঞান ফেরার পর গৃহবধূ বিষয়টি বুঝতে পেরে বাসায় থাকা ওই নারীকে জানান। অভিযোগ রয়েছে, এ সময় ওই নারী তাকে গালিগালাজ করেন এবং মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এরপর রাতে দফায় দফায় রাজুসহ আরও এক যুবক তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরদিন শুক্রবার সকালে ওই গৃহবধূ কৌশলে বাসা থেকে বের হয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তালা থানায় গিয়ে অভিযোগ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, শুক্রবার প্রাথমিক তদন্ত শেষে অচেতন করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দুই যুবক ও এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। তালা থানার মামলা নং-১০, তারিখ ১৪ আগস্ট ২০২৬। ভুক্তভোগীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে শিপ্রা ও অনুপকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।