বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সারের আকাশছোঁয়া দাম ও সংকট নিরসনে পদক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
সারের আকাশছোঁয়া দাম ও সংকট নিরসনে পদক্ষেপ

মো. মাসুদ রানা

‎কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন আমাদের কৃষক সমাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমপিসহ নিত্যপ্রয়োজনীয় রাসায়নিক সারের দাম সাধারণ ও প্রান্তিক কৃষকদের নাগালের বাইরে চলে গেছে। ডিলার পর্যায়ের সিন্ডিকেট, বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং স্থানভেদে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে সার বিক্রির কারণে কৃষকেরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

‎উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় অনেক কৃষক চাষাবাদ কমাতে বাধ্য হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আগামী মৌসুমের সামগ্রিক খাদ্য উৎপাদনের ওপর।

‎‎সারের দাম বৃদ্ধি ও সংকটের প্রধান কারণসমূহ-
‎‎ডিলার ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট: সরকার নির্ধারিত দামে সার না দিয়ে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা।
‎‎মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: খুচরা বাজার ও প্রান্তিক পর্যায়ে সারের পৌঁছানোর মাঝখানে একাধিক হাতবদল হওয়া।
‎দেশীয় উৎপাদনে জ্বালানি সংকট: সার কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে দেশীয় উৎপাদন ব্যাহত হওয়া এবং আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা।
‎‎তদারকির অভাব: স্থানীয় পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন কৃষি অফিসের নিয়মিত বাজার মনিটরিংয়ের ঘাটতি।

‎‎কৃষি ও কৃষকদের রক্ষায় আশু করণীয় পদক্ষেপ-
‎‎ক. বাজার নিয়ন্ত্রণ ও সরকারি তদারকি
‎কঠোর মনিটরিং ও মোবাইল কোর্ট: ‎ডিলার ও খুচরা সার বিক্রেতাদের গুদাম এবং দোকানে নিয়মিত অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত শাস্তির ব্যবস্থা করা।
‎‎সার ডিলারশিপ ব্যবস্থা পুনঃমূল্যায়ন: যেসব ডিলার কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেয়, তাদের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা।

‎‎খ. ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভর্তুকি প্রদান
‎কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা: সারের ভর্তুকি যেন কোনো মধ্যস্বত্বভোগীর পকেটে না যায়, সেজন্য মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে নিবন্ধিত প্রকৃত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সারের ভর্তুকির টাকা বা ডিজিটাল ভাউচার পাঠানো।

‎‎গ. সরবরাহ নিশ্চিতকরণ ও বিকল্প ব্যবস্থা
‎দেশীয় কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ: দেশীয় সার কারখানাগুলো চালু রেখে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া, যাতে আমদানির ওপর নির্ভরতা ও খরচ দুই-ই কমে।
‎সেচ ও বিদ্যুৎ সুবিধা: সেচ মৌসুমে কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং সারের বিকল্প হিসেবে জৈব ও সুষম সার ব্যবহারে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

‎‎ঘ. প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা
‎সহজ শর্তে কৃষি ঋণ: সারের বাড়তি খরচ সামাল দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য জামানতহীন ও নামমাত্র সুদে জরুরি কৃষি ঋণের সুবিধা চালু করা।

‎‎সারের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি কেবল কৃষকের একার সমস্যা নয়; এটি পুরো দেশের খাদ্য নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সারের দাম অবিলম্বে নিয়ন্ত্রণে না আনলে চাল, ডাল ও শাকসবজির উৎপাদন ব্যাপক হ্রাস পাবে, যা দেশের সার্বিক মূল্যস্ফীতিকে আরও ভয়াবহ রূপ দেবে। তাই কালক্ষেপণ না করে ডিলার সিন্ডিকেট ভেঙে ফেলা, বাজারে প্রশাসনিক নজরদারি জোরদার করা এবং কৃষকের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি।

মো. মাসুদ রানা, ‎এমএসসি, পদার্থ বিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ

Ads small one

টিটিসি অধ্যক্ষের সঙ্গে যুব অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
টিটিসি অধ্যক্ষের সঙ্গে যুব অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতারা। মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমানের নেতৃত্বে জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজমির হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী, অর্থ সম্পাদক মো. মাসুদ রানা ও দপ্তর সম্পাদক সেলিম রেজা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারাও অংশ নেন। সাক্ষাৎকালে তাঁরা অধ্যক্ষের সঙ্গে জেলার কারিগরি শিক্ষার উন্নয়ন ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কালিগঞ্জের মথুরেশপুরে জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
কালিগঞ্জের মথুরেশপুরে জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় নাজিমগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সম্পাদক আজগার আলীর সঞ্চালনায় এবং ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সম্পাদক মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ খায়রুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ আবু তাহের, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর লোকমান হোসেন ও নুর মোহাম্মদ, সহকারী সম্পাদক মাওলানা আহসান কবির, শ্রমিক কল্যাণ সভাপতি শেখ নাজমুল ইসলাম, যুব বিভাগের সভাপতি শেখ নাজমুল হুদা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যালয় চালুর মাধ্যমে এলাকায় সংগঠনের নানামুখী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। তবে নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।

কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বিকাল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে এসে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তার জিনিসপত্র দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছিলেন।

কিরিল জানান, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে দেখেন, তার ব্যাগসহ মালামাল এবং ওই রেলওয়ে কর্মকর্তা, কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।

কিরিলের দাবি অনুযায়ী, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি পর্যটক।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।