সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা এবং সুলতানপুর বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির একটি দল সীমান্ত থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় কফ সিরাপ জব্দ করে। কাকডাঙ্গা বিওপি ১৬ হাজার টাকা মূল্যের কফ সিরাপ এবং মাদরা বিওপির দল উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া সুলতানপুর বিওপির একটি দল তালসারি এলাকা থেকে ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বিজিবি জানায়, এ ধরনের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।






