সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, তলুইগাছা ও হিজলদী বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মেডিকেল সার্জিক্যাল সামগ্রী আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি আভিযানিক দল মেইন পিলার ৩ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ফলমোড় এলাকা থেকে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মেডিকেল সার্জিক্যাল সামগ্রী আটক করে।
অন্যদিকে, তলুইগাছা বিওপির দল মেইন পিলারের কাছে শালবাগান নামক স্থান থেকে ১ লাখ ৯২হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়া কলারোয়া থানার বড়ালি নামক স্থান থেকে হিজলদী বিওপির দল আরও ১ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করে। অভিযানে সর্বমোট ৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়।












