মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যদের নিয়মিত টহল চলাকালে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দূপুরে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির অধীনে সুন্দরবনের বেলায়েতের ভারানি ও ছেড়ার খাল থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়েছে বলে জানান, বুড়িগোয়লিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক।

বন বিভাগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। এ বিষয়ে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই ফাঁদগুলো উদ্ধার করি। তাছাড়া ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনাঞ্চলে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে শিকারিদের হাতে প্রাণ হারায়।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী, বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ফজলুল হক সাধারণ জনগণকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

স্থানীয় আমিরুল ইসলাম বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরেই অসাধু শিকারি চক্র সক্রিয় রয়েছে। তবে বন বিভাগের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে এসব কর্মকান্ড অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তারপরেও কিছু চক্র বন বিভাগের নজর এড়িয়ে এ সমস্ত কাজ করে চলেছে। আমাদের দাবি তাদেরকে আইনের আওতায় এনে হরিণ শিকার চিরতরে বন্ধ করতে হবে।

 

Ads small one

দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

 

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, মাদরা ও বৈকারী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নটিজঙ্গল হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৬ লাখ ৩৯ হাজার ২০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে ।

এছাড়াও, বৈকারী বিওপির আভিযানে সদর থানার নতুন পাড়া হতে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

বাংলাদেশে গম পাচারের অভিযোগে নায়িকা নুসরাতকে তলব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
বাংলাদেশে গম পাচারের অভিযোগে নায়িকা নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক: বাংলাদেশে গম পাচারের অভিযোগ ঘিরে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রেশন দুর্নীতি ও সীমান্ত দিয়ে খাদ্যশস্য পাচারের একটি মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ লক্ষ্যে তাকে নির্ধারিত দিনে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, করোনা সময়কালে সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক ট্রাক আটক করা হয়েছিল, যেগুলোতে সরকারি রেশন ব্যবস্থার গম ও চাল বাংলাদেশে পাচারের অভিযোগ ওঠে। সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত জাহান, তাই তদন্তের অংশ হিসেবে তার ভূমিকা সম্পর্কেও জানতে চায় ইডি।

তবে এই তলব সরাসরি কোনও গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ। এ বিষয়ে এখনো নুসরাত জাহানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে, গম পাচার ও রেশন দুর্নীতির এই তদন্ত এখন নতুন করে আলোচনায় এনে দিয়েছে নুসরাত জাহানকে।