সুন্দরবন সুরক্ষায় বুড়িগোয়ালিনীতে ‘আর্থস্কাউট’ ক্যাম্পেইন
রনজিত বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের গুরুত্ব ও এর প্রাণবৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন’। গত বুধবার (১৩ মে) উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়াইল্ডটিমের আয়োজনে এবং জিআইজেড-এর অর্থায়নে স্কুল আর্থস্কাউট সদস্যরা দিনব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া সুন্দরবন সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা (রেঞ্জার) ইরফান উদ্দীন ও জিআইজেড কর্মকর্তা সালেহ মো. মুসা।
আলোচনায় বক্তারা সুন্দরবনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ শুধু এই অঞ্চলের অর্থনীতি নয়, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রাণকেন্দ্র। বন সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের এখন থেকেই সুন্দরবন সুরক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে সুন্দরবন সুরক্ষার শপথ নেয় শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বনবিভাগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।











