শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সুরের ধারায় শারদ সন্ধ্যা: খুলনায় কবীর-লালন ভাবসংগীত উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
সুরের ধারায় শারদ সন্ধ্যা: খুলনায় কবীর-লালন ভাবসংগীত উৎসব

পত্রদূত ডেস্ক: শরতের মেঘমুক্ত আকাশের নিচে আশ্বিনের এক সন্ধ্যায় সুর ও দর্শনের মেলবন্ধন ঘটল খুলনায়। শনিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। পরম সত্তাকে খোঁজার এ সুরের সমারোহে মগ্ন হন উপস্থিত গুণীজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মানবধর্মের চিরন্তন বাণী স্মরণ করে তিনি বলেন, সন্ত কবীর ও ফকির লালন শাহ উপমহাদেশের দুই কালজয়ী মহাপুরুষ। জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণির সংকীর্ণ গ-ি পেরিয়ে মহৎ ও খাঁটি মানুষ হওয়াকেই তাঁরা জীবনের পরম সত্য বলে মেনেছেন। মাঝখানে প্রায় পাঁচ শতাব্দীর ব্যবধান থাকলেও উভয় সাধকই অসাম্প্রদায়িক চেতনার এক অলৌকিক সুতোয় বাঁধা ছিলেন। শরতের এই মরমী সুরের মধ্য দিয়ে নতুন প্রজন্ম এ মহান সাধকদের আদর্শ গভীরভাবে স্পর্শ করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননানের সভাপতিত্বে মরমী এ সন্ধ্যায় বিশেষ অতিথির অলংকার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। পরবর্তী পর্বে ‘কবীর-লালন মিউজিক্যাল মিশন’-এর শিল্পীরা সুরের ঝরনাধারায় পরিবেশন করেন ভাবসংগীত, যা উপস্থিত শ্রোতাদের আত্মিক অনুভূতির এক অন্য জগতে নিয়ে যায়।

Ads small one

বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

এম.এম জামান মনি, পাটকেলঘাটা: খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম থেকে তালা-পাইকগাছা হয়ে কয়রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলে এ অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৩৫ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’-এর ২০২২ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও চার দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, আঠারো মাইল (বেতগ্রাম) থেকে তালা উপজেলার মধ্যবর্তী অংশ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় বিলম্ব হওয়ার পর গত জুনে পাইকগাছার কপিলমুনি বাজার অংশে বাঁক সরলীকরণের কাজ শুরু হয়। বর্তমানে কপিলমুনি ফকিরবাসা ও পাইকগাছা গোলাবাটি মোড়ের বাঁক সরলীকরণে পিচঢালাইয়ের কাজ বাকি রয়েছে।

পথচারী মনিরুজ্জামান মনির ভাষ্যমতে, দেরিতে হলেও কাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। বর্ষায় বড় বড় গর্ত আর শুষ্ক মৌসুমে ধুলাবালির যে যন্ত্রণা ছিল, তা অবসান হতে চলেছে।

সওজের কর্মকর্তারা জানান, প্রকল্পে ৩০টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করতে ১১.২৪ হেক্টর জমি অধিগ্রহণে ৭১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। তবে কপিলমুনি, গোলাবাটি, গোপালপুরসহ ১০টি পয়েন্টে জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের চেকের অর্থ হস্তান্তরের পর বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সুজন কয়রা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম জানান, এই সড়কটি যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় উন্নয়নকাজে স্থানীয়রা সার্বিক সহায়তা দিয়েছেন।
মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক রাজন আহমেদ ও সওজের খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, চলতি মাসের মধ্যেই অবশিষ্ট সব কাজ শেষ করে সড়কটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

 

আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উপজেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ নম্বরের স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান, জেলা সভাপতি যোবায়ের হোসেন, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য আইনজীবী আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান, যুব বিভাগের সভাপতি চিকিৎসক রোকনুজ্জামান ও সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষক ও অভিভাবক সিরাজুল ইসলাম এবং সংবর্ধিত শিক্ষার্থী দীপ্তি সরকার, হাবিবা ও দিয়া। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা-পুলিশ। শনিবার রাত আটটার দিকে আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম মাহমুদপুর গ্রামের মৃত মতি সানার ছেলে।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, আমিনুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো পুলিশের ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নানা অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।