সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের ফুটবল টুর্নামেন্টে আলামিন কম্পিউটার সেন্টার চ্যাম্পিয়ন
সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় প্রভাতী সংঘ আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আলামিন কম্পিউটার সেন্টার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মাসুদ পোল্ট্রি সেন্টারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি।
প্রভাতী সংঘের আহ্বায়ক মেহেদী হাসান রাজু ও সদস্যসচিব হাফিজুর রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যপরিষদের সদস্যরা ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন।
খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত আলামিন কম্পিউটার সেন্টার দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও দলীয় সমন্বয় দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









