১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে খুলনায় দুটি জনসভা ও ছয় পথসভা
সংবাদদাতা: আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে দুটি জনসভা ও ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। সাত দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচি সফল করতে খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টি উপকমিটি গঠন করে দায়িত্ব পালন শুরু করেছে আয়োজকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও ঐক্যজোট নেতা মাহফুজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে জনসভার মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। পথে ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। খুলনার শিববাড়ী মোড়ের বাবরী চত্বর ও ফুলতলা বাসস্ট্যান্ডে দুটি পথসভা হবে। এরপর কুষ্টিয়ায় আরেকটি জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লংমার্চের গাড়িবহরে এক হাজারের বেশি পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন যুক্ত থাকবে। খুলনার প্রবেশপথ থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত ১৭টি স্থানে গাড়িবহরকে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশে ২০০টি মাইকের হর্ন, ২০টি তোরণ, ১০০টি বড় বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার ব্যানার এবং প্রায় তিন লাখ লিফলেট ও দুই হাজার ফেস্টুনের ব্যবস্থা করা হয়েছে।
শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। কর্মসূচি সফল করতে প্রায় ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মূল সভাস্থলে ৪৫ ফুট বাই ২৪ ফুট আয়তনের একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহ্বায়ক আহম্মদ হামিম রাহাতসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।







