মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১৮তম বিজেএসে সহকারী জজ হলেন পাইকগাছার আব্দুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
১৮তম বিজেএসে সহকারী জজ হলেন পাইকগাছার আব্দুল্লাহ

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): দীর্ঘ আট বছরের অপেক্ষা ও পরিশ্রমের পর স্বপ্ন পূরণ হয়েছে খুলনার পাইকগাছার মোঃ আব্দুল্লাহ আল মামুনের। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২০০ প্রার্থীর মধ্যে মেধাক্রমে তাঁর অবস্থান ১৩৬তম।

জানায়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্পন্ন করা আব্দুল্লাহ আল মামুনের এই সাফল্যে তাঁর পরিবার ও এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর বাড়ি পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে। তাঁর বাবা মোঃ এনামুল হক লস্কর- পাইকগাছা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী। মা হ্যাপিয়ারা বেগম গৃহিণী। সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে আব্দুল্লাহ’র এই অর্জনকে পরিবারের সদস্যরা দেখছেন দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে।

 

তাঁর শিক্ষাজীবনের শুরু মাদ্রাসায়। রাজশাহীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী থেকে দাখিল এবং গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ‘খ’ ইউনিটে তিনি ১১তম এবং ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি সম্পন্ন করেন তিনি। জুডিশিয়াল সার্ভিসে আসার পথটি তাঁর জন্য সহজ ছিল না। প্রথমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। তবে ব্যর্থ হয়ে থেমে যাননি। বরং আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে থাকেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৮ বছর যাবত এই দিনটার জন্য স্বপ্ন দেখছি ও অপেক্ষা করছি। প্রথমবার ব্যর্থ হয়ে খারাপ লেগেছিল অবশ্যই, কিন্তু হতাশ হইনি। ধৈর্য ধরে পরিশ্রম করে গেছি। দ্বিতীয়বারের চেষ্টায় হলো। সহকারী জজ হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সুযোগ তৈরি করতে কাজ করার কথা জানিয়েছেন তিনি। জুডিশিয়াল সার্ভিসে আসতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করা ও লেগে থাকার মানসিকতা থাকতে হবে। কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। লেগে থাকলে সফলতা আসবেই।

আব্দুল্লাহ আল মামুনের ১৮তম বিজেএসে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিনের স্বপ্ন, ব্যর্থতার পর আবার চেষ্টা এবং শেষ পর্যন্ত সাফল্য তাঁর এই পথচলা এখন স্থানীয়দের কাছেও অনুপ্রেরণা হয়ে দাড়িয়েছে।

 

Ads small one

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান।

এ ছাড়া জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন বক্তব্য দেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামন্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।

 

সভায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ভ্যান এবং পৌরসভা থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সেবা গ্রহণকারীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া পাঁচ জন অসহায় ব্যক্তিকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যান বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের চলাচল ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য ভ্যান এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম মানবিক সহায়তার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি সংগঠিত হয়েছে।

সোমবার রাতে এ ছুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছে আনুমানিক দেড় দুই হাজার টাকা চুরি হয়েছে।