সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে একদিনে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
সৌদি আরবে একদিনে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক: মাদক পাচারের দায়ে সৌদি আরব কর্তৃপক্ষ একদিনে দোষী সাব্যস্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, পাঁচজন সৌদি নাগরিক এবং দু’জন জর্ডানির বিরুদ্ধে রাজ্যে অ্যামফেটামিন ট্যাবলেট পাচারের অভিযোগ প্রমাণিত হয়। সংস্থাটি জানায়, অপরাধীদের বিরুদ্ধে বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

রোববার রিয়াদে এই দণ্ড কার্যকর করা হয়। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত রিয়াদ মাদক সম্পর্কিত মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সরকারি তথ্যের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী যা মোট ৬১টি মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ। এ বছর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বিদেশি নাগরিকরাই বেশি। তাদের মোট সংখ্যা ৩৩। ২০২৫ সালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো রেকর্ড ছুঁয়েছিল। ওই বছর ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্যে ২৪৩ জনই মাদক-সংক্রান্ত অপরাধে দণ্ডিত ছিলেন।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ডের তথ্য সংরক্ষণ শুরু করার পর এটিই ছিল এক বছরে সর্বোচ্চ সংখ্যা। এর আগের রেকর্ড ছিল ২০২৪ সালে ৩৩৮টি মৃত্যুদণ্ড। প্রায় তিন বছর বিরতির পর ২০২২ সালের শেষ দিকে সৌদি আরব আবার মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে। আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি একই সঙ্গে ক্যাপটাগন নামের অবৈধ উত্তেজক মাদকের অন্যতম বড় বাজার।

 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদ-এর আমলে এই মাদক ছিল দেশটির সবচেয়ে বড় রপ্তানি পণ্য। মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহারের কারণে সৌদি আরব দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এটিকে অতিরিক্ত বলে উল্লেখ করেছে এবং বলেছে, এটি বিশ্বে নিজেদের আধুনিক ভাবমূর্তি তুলে ধরার সৌদি প্রচেষ্টার সঙ্গে স্পষ্ট বৈপরীত্য সৃষ্টি করছে।

Ads small one

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রীসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

 

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আটক কবির হোসেন তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি কলেজের পাশ থেকে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীতে ডুবে সাগর হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাপিতখালী এলাকায় নদী থেকে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

সাগর গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাগর তিন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সাগরের আগে থেকেই খিঁচুনিজনিত শারীরিক সমস্যা ছিল। পানির সংস্পর্শে এলে তার এ সমস্যা দেখা দিত বলে পরিবারের দাবি।

ঘটনার সময় সাগরের বাবা-মা তাদের আরেক অসুস্থ সন্তানকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এক সন্তানের অসুস্থতার মধ্যে আরেক সন্তানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজ নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।