শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটক

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬) নামে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিঞ্চি স্লুইসগেট এলাকা থেকে কৈখালী বিসিজি স্টেশন সদস্যরা তাদের আটক করে। এসময় আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় পরিচালিত অভিযানে তিন জলদস্যুকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। তারা সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর সক্রিয় সদস্য। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবন থেকে একটি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল তারা।

এদিকে শরীফ উদ্দীন ও জামির আলীসহ স্থানীয়রা জানিয়েছে রবিউল ইসলাম ওরফে চেঙ্গিজ রবিউল সুন্দরবনের কুখ্যাত জলদস্যু মঞ্জু বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড হিসেবে ২০১৭ সালে আত্মসমর্পণ করে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগষ্টের পর আবারও সুন্দরবনে দস্যুতায় সক্রিয় হয়ে জোনাব বাহিনী নামে কাজ শুরু করে। শ্যামনগর পৌরসদরের প্রভাবশালী দুই রাজনীতিকের প্রকাশ্য সহায়তায় সাম্প্রতিক সময়ে সামীন্তের চোরাচালান নিয়ন্ত্রণসহ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দস্যুতা চালিয়ে আসছিল তার বাহিনী। চেঙ্গিজ রবিউলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গডফাদারের নাম পরিচয় প্রকাশসহ অস্ত্র ভান্ডারের বিষয়ে গুরুত্বপুর্ন তথ্য মিলবে বলবে।

শ্যামনগর থানার থফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড সদস্যরা বাদি হয়ে মামলা দিয়েছে। অস্ত্র আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Ads small one

নিরাপদ নক্ষত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
নিরাপদ নক্ষত্র

জহুরুল হক জুলু
রাতের শেষ প্রহরে
সব শব্দ যখন নিজেদের ভেতর গুটিয়ে নেয়,
তখনও কিছু অদৃশ্য দরজা খোলা থাকে।

আমি খুঁজি এমন এক আলোকবিন্দু,
যার সামনে দাঁড়িয়ে
নিজেকে আর প্রমাণ করতে হয় না।

যেখানে সাহসের পোশাক খুলে রেখে
মানুষ কেবল মানুষ হতে পারে,
অপূর্ণ, ক্লান্ত, এলোমেলো।

দিনভর জমে থাকা
অসংখ্য অব্যক্ত বাক্য
সেখানে গিয়ে ভাষা পায়।

কোনো প্রশ্নপত্র থাকে না,
থাকে না জবাবদিহির টেবিল,
শুধু বোঝাপড়ার এক গভীর নদী।

যার তীরে বসলে
ভেতরের ভাঙাচোরা শব্দগুলো
ধীরে ধীরে শান্ত হয়ে আসে।

পৃথিবী তখন আর যুদ্ধক্ষেত্র মনে হয় না,
মনে হয় দীর্ঘ যাত্রার শেষে
মিলেছে একটি অনামা উপকূল।

সে কাউকে নিজের বলে দাবি করে না,
তবু তার দিকেই ফিরে যায়
সমস্ত পথভোলা অনুভূতি।

অদ্ভুত এক আকর্ষণ-
যেন ঝড়ের পর সমুদ্র
স্বতঃস্ফূর্তভাবে খুঁজে নেয় চাঁদের আলো।

কিছু সম্পর্ক থাকে
যাদের কোনো সংজ্ঞা নেই,
তবু তারা অভিধানের সব শব্দের চেয়ে সত্য।

তারা ক্ষত গণনা করে না,
পুরোনো ইতিহাসের পাতা ওলটায় না,
বিচারের কাঠগড়াও বানায় না।

শুধু নীরবে উপস্থিত থাকে,
যেন অন্ধকার আকাশে
একটি স্থির নক্ষত্র।

তার আলোয়
অন্তরের ছায়াগুলো ভয় পায় না,
গোপন ক্লান্তিগুলো আশ্রয় খুঁজে পায়।

আর তখন মনে হয়
মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি
হয়তো কোনো সাফল্য নয়,
বরং এমন একটি অস্তিত্ব,
যার কাছে পৌঁছালে
হৃদয় আর নিজেকে লুকিয়ে রাখে না।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

 

সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক আবুল হোসেন, কামরুজ্জামান, গোলাম মোস্তফা ও আল মামুন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মেহেদী হাসান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব শেখ তানজীর আহমেদ।

 

 

 

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকালে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আহমাদ আলী বাঁচা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।