সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নিরাপদ নক্ষত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
নিরাপদ নক্ষত্র

জহুরুল হক জুলু
রাতের শেষ প্রহরে
সব শব্দ যখন নিজেদের ভেতর গুটিয়ে নেয়,
তখনও কিছু অদৃশ্য দরজা খোলা থাকে।

আমি খুঁজি এমন এক আলোকবিন্দু,
যার সামনে দাঁড়িয়ে
নিজেকে আর প্রমাণ করতে হয় না।

যেখানে সাহসের পোশাক খুলে রেখে
মানুষ কেবল মানুষ হতে পারে,
অপূর্ণ, ক্লান্ত, এলোমেলো।

দিনভর জমে থাকা
অসংখ্য অব্যক্ত বাক্য
সেখানে গিয়ে ভাষা পায়।

কোনো প্রশ্নপত্র থাকে না,
থাকে না জবাবদিহির টেবিল,
শুধু বোঝাপড়ার এক গভীর নদী।

যার তীরে বসলে
ভেতরের ভাঙাচোরা শব্দগুলো
ধীরে ধীরে শান্ত হয়ে আসে।

পৃথিবী তখন আর যুদ্ধক্ষেত্র মনে হয় না,
মনে হয় দীর্ঘ যাত্রার শেষে
মিলেছে একটি অনামা উপকূল।

সে কাউকে নিজের বলে দাবি করে না,
তবু তার দিকেই ফিরে যায়
সমস্ত পথভোলা অনুভূতি।

অদ্ভুত এক আকর্ষণ-
যেন ঝড়ের পর সমুদ্র
স্বতঃস্ফূর্তভাবে খুঁজে নেয় চাঁদের আলো।

কিছু সম্পর্ক থাকে
যাদের কোনো সংজ্ঞা নেই,
তবু তারা অভিধানের সব শব্দের চেয়ে সত্য।

তারা ক্ষত গণনা করে না,
পুরোনো ইতিহাসের পাতা ওলটায় না,
বিচারের কাঠগড়াও বানায় না।

শুধু নীরবে উপস্থিত থাকে,
যেন অন্ধকার আকাশে
একটি স্থির নক্ষত্র।

তার আলোয়
অন্তরের ছায়াগুলো ভয় পায় না,
গোপন ক্লান্তিগুলো আশ্রয় খুঁজে পায়।

আর তখন মনে হয়
মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি
হয়তো কোনো সাফল্য নয়,
বরং এমন একটি অস্তিত্ব,
যার কাছে পৌঁছালে
হৃদয় আর নিজেকে লুকিয়ে রাখে না।

Ads small one

দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালতের আইনি সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ’-এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরাতন সাতক্ষীরায় সংগঠনের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ২১টি পদের বিপরীতে মোট ৩০ জন শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সংগঠনের ১০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঊষার নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মো. শামসুজ্জোহা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান এবং টিভি নাটক পরিচালক মো. মুছা করিম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১টি পদের বিপরীতে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেনÑসাবেক সভাপতি ও কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক, সিঅ্যান্ডএফ নেতা মো. শাহানুর ইসলাম শাহিন, মো. ফরিদ উদ্দিন মাসউদ, অনুজিৎ কুমার ম-ল, মো. আরিফুজ্জামান আপন, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, রুহুল আমিন ময়না, শেখ নূরুল আফসার সেলিম, বদরুজ্জামান খোকা, শেখ নূরুল হুদা ফুল, ইব্রাহিম হোসেন, শেখ মনিরুল ইসলাম মনির, প্রভাষক ছন্দা রানী ম-ল, শাম্মী আক্তার কুমকুম, বেলাল হোসেন, কর্ণ বিশ্বাস কেডি, বিল্লাল হোসেন গাজী, হযরত আলী, আল মনির, রাবেয়া বসরি ময়না ও জাহিদ হাসানসহ অন্যান্যরা।
শিল্পীদের এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক সহযোগিতায় রয়েছেন সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ ও এম আলমগীর আলম।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।