মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

বদিউজ্জামান : সাতক্ষীরার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে ফুলকোর্ট রেভারেন্স এবং দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে মরহুমের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. বিএম মিজানুর রহমান পিন্টু।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “মানুষের পৃথিবীতে আসার একটি নির্দিষ্ট সিরিয়াল থাকলেও চলে যাওয়ার কোনো নির্দিষ্ট ক্রম নেই। তাই আমাদের গর্ব ও অহংকারমুক্ত থেকে জীবন পরিচালনা করতে হবে। প্রত্যেকটি মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। অন্যের সমালোচনা করার আগে নিজের আত্মসমালোচনা করা, নিজেকে সংশোধন করা এবং সকলকে ক্ষমা করার মানসিকতা আমাদের গড়ে তোলা উচিত।”

পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
একই দিন দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত শোকসভায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী আইনজীবীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

১৯৯৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভের পর তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ মে ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে গেছেন।

Ads small one

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

বদিউজ্জামান: পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি এবং মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা বিষয়ক এক সেমিনার আগামী বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনগত অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (লিগ্যাল এইড) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি ও মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। এতে জেলার আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাশ স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সেমিনারের মাধ্যমে পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, মামলাজট হ্রাস এবং সাধারণ মানুষের জন্য সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

 

তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতা বিলের চারধারে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জেলার সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া .শেখ মশিউর রহমানকে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিাকাঘাত করে হত্যা করে। এসময় তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে মারাত্বক আহত হন।

এ ঘটনায় গত ১১জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা এবং ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।