সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আন্তর্জাতিক জনসেবা দিবস: গণতান্ত্রিক নেতৃত্ব ও ডিজিটাল বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক জনসেবা দিবস: গণতান্ত্রিক নেতৃত্ব ও ডিজিটাল বাংলাদেশ

সাকিবুর রহমান বাবলা
২৩ জুন ‘আন্তর্জাতিক জনসেবা দিবস’—বিশ্বব্যাপী জনকল্যাণে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি অনন্য উপলক্ষ। ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণার মাধ্যমে জনসেবার মর্যাদা বৃদ্ধি, দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে। বর্তমান বিশ্বে গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা। আর এই সেবা হতে হবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারভিত্তিক, যেখানে নাগরিক অংশগ্রহণের সুযোগ থাকবে অবারিত।
বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে শিক্ষা, কৃষি, বানিজ্য, অবকাঠামো ও প্রযুক্তি খাতে দেশ বেশ সাফল্য অর্জন করলেও দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, সামাজিক বৈষম্য, মাদক, অভিবাসন এবং পরিবর্তিত জলবায়ু ঝুঁকি মোকাবিলা আমাদের জন্য এখনও বড় চ্যালেঞ্জ। আমাদের ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সততা, মানবিকতা ও জনকল্যাণের আদর্শ গভীরভাবে মিশে আছে। তাই জনসেবাকে কেবল প্রশাসনিক দায়িত্ব হিসেবে নয়, বরং একটি পবিত্র নৈতিক ও মানবিক অঙ্গীকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
জাতীয় সংসদের সদস্য থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিনিধি—সিটি কর্পোরেশনের মেয়র, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জনগণের সবচেয়ে নিকটতম সেবক। স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের কার্যকর নেতৃত্ব অপরিহার্য। আন্তর্জাতিক গণতন্ত্রের মানদ- অনুযায়ী, জনপ্রতিনিধিদের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া এবং সরকারি সম্পদের ব্যবহারে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা একান্ত আবশ্যক।
বর্তমান যুগে জনসেবার গুণগত মান উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো ‘ডিজিটাল রূপান্তর’। অনলাইন সেবা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা, উন্মুক্ত তথ্যভা-ার, অনলাইন বাজেট প্রকাশ এবং নাগরিক অংশগ্রহণমূলক ডিজিটাল প্ল্যাটফর্ম জনপ্রশাসনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলছে। প্রযুক্তির যথাযথ প্রয়োগ দুর্নীতি হ্রাস, সেবাপ্রাপ্তির সময় সাশ্রয় এবং দ্রুত প্রতিকারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি প্রান্তিক ও গ্রামীণ জনপদকে ডিজিটাল সেবার আওতায় আনতে পারলে একটি প্রকৃত অন্তর্ভুক্ত উন্নয়নমূলক সেবা নিশ্চিত করা সম্ভব।
আন্তর্জাতিক জনসেবা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্রের প্রকৃত শক্তি জনগণের কল্যাণে নিবেদিত সেবার মধ্যেই নিহিত। দেশের জনপ্রতিনিধিরা যদি নৈতিক নেতৃত্ব, স্বচ্ছতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, তবেই একটি আধুনিক, মানবিক ও টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এভাবেই আমাদের উন্নয়নযাত্রা গতিশীল হবে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে।

Ads small one

কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মফজুলার রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মফজুলার রহমান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৫৮ নম্বর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ মো. মফজুলার রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার জেসমিনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি এবং বিদুর সরকারকে সহসভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. মফজুলার রহমান বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বিলজুড়ে খুরের দাপট: সদরের চেলারবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে হাজারো দর্শকের ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
বিলজুড়ে খুরের দাপট: সদরের চেলারবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে হাজারো দর্শকের ঢল

নিজস্ব প্রতিনিধি: আষাঢ়ের মেঘলা আকাশ আর সোঁদা মাটির ঘ্রাণ উপেক্ষা করে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিলে চারপাশ তখন লোকারণ্য। মাঠের সীমানা ছাড়িয়ে মানুষের চোখ গিয়ে ঠেকেছে দূর সীমানায়। আচমকাই নিস্তব্ধতা ভেঙে বাতাসে ভেসে এল খুরের আওয়াজ। ধুলো উড়িয়ে একের পর এক ঘোড়া ছুটে চলল লক্ষ্যের পানে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এক টুকরো ঐতিহ্যকে সাক্ষী রেখে এভাবেই মুখরিত হয়ে উঠেছিল ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিল। যান্ত্রিকতার যুগে গ্রামীণ এই লোকজ সংস্কৃতি যেন এক পশলা আনন্দের হাওয়া বয়ে এনেছে বিলপাড়ের জীবনে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা উপস্থিত আবালবৃদ্ধবনিতাকে দেয় অনাবিল আনন্দ।
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলারবিলে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে দুপুরের পর থেকেই স্থানীয় ধুলিহর, জাহানাবাজ, কোমরপুর, ফয়জুল্যাপুর, বড়খামার, উমরাপাড়া, মেল্লেকপাড়া, বালিথা, দহাকুলা, চেলারডাঙা, কালেরডাঙা, বাঁধনডাঙা, ননিগোলা, বালুইগাছা, এলাল্লারচর, ব্রহ্মরাজপুরসহ অন্তত ২০টি গ্রামের হাজারো উৎসুক দর্শকের ঢল নামে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক সফল চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। সাবেক ইউপি সদস্য খুরশিদ আলমের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি পরিচালনা করেন এবং খেলার ধারাভাষ্য প্রদান করেন আব্দুল্লাহ সানা।
রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রা থেকে আসা ‘ভোরের পাখি’ প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া গোপালগঞ্জের ‘কানাই’ দ্বিতীয়, নড়াইলের ‘নড়াইল এক্সপ্রেস’ তৃতীয়, সাতক্ষীরার তালার ‘বেলী’ (তাহসিন রানি) চতুর্থ এবং খুলনার শিরমনির ‘পাখি’ পঞ্চম স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য বিজয়ীদেরও বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশের এই আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

 

শাঁখরা-কোমরপুর হাইস্কুলে ‘মনের মন্দিরে মানবী দেবী’ নাটকের মহড়া শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
শাঁখরা-কোমরপুর হাইস্কুলে ‘মনের মন্দিরে মানবী দেবী’ নাটকের মহড়া শুরু

পত্রদূত ডেস্ক: ‘জীবনকে প্রত্যক্ষ দেখতে ও বুঝতে নাটকের বিকল্প নেই’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা ললিত কলা একাডেমীর উদ্যোগে এক নতুন সামাজিক নাটকের উদ্বোধনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে শাঁখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ‘মনের মন্দিরে মানবী দেবী’ শীর্ষক নাটকটির শুভ মহড়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মাস্টার শফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় এবং ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, শাঁখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ধ্রুবগোপাল দাশ এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
শিশুশিল্পী শ্রাবন্তী মন্ডলের কণ্ঠে ভজনগীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাসুদেব ঘোষ, অসিত ঘোষ, তরিকুল ইসলাম, শিবায়ন সরকার, সত্যজিত সরকার, শহিদুল ইসলাম, গোবিন্দ মন্ডল, ভগিরত সরকার, প্রসেনজিৎ, সন্ধ্যা রানী ও শিশুশিল্পী পীরতম মন্ডল। নাটকের আবহ সংগীত পরিচালনা করেন নাট্যকার নিজেই।