আশাশুনিতে বাড়িতে ঢুকে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে পূর্বশত্রুতা ও পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুড়িয়া গ্রামের মৃত করিম গাজীর মেয়ে শাহানারা খাতুন (৪৮) বাদী হয়ে স্থানীয় ৮ জনের নাম উল্লেখ করে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে শাহানারা খাতুনের পরিবারের সঙ্গে স্থানীয় প্রবীর কুমার, কল্যাণী রানী, কিনু ম-ল, আরতি ম-লসহ বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ জুন সকালে শাহানারার পরিবার নিজেদের বাড়ির পুকুর থেকে মাটি কাটার সময় বিবাদীরা বাধা দেয়। এর প্রতিবাদ করায় বিবাদীরা মারমুখী হয়ে উঠলে শাহানারা দৌড়ে ঘরের ভেতর আশ্রয় নেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বারান্দার লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে শাহানারা খাতুন এবং তাঁর ৯৫ বছর বয়সী ফুফু জামেনা খাতুনকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয় এবং শাহানারার শ্লীলতাহানি ঘটানো হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।









