আশাশুনিতে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
আশাশুনি প্রতিনিধি: জেলা প্রশাসক কাওসার আজিজের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সাতক্ষীরা জেলাকে ‘ধর্মান্ধতা বৃদ্ধির জেলা’ হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজ শেষে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আশাশুনি উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি থানা মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জনতা ব্যাংক মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাফেজ রুহুল আমিন, হাফেজ আব্দুল্লাহসহ স্থানীয় আলেমরা।









