মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় দিগন্তজোড়া ঘেরে মাছ চাষে বিপ্লব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় দিগন্তজোড়া ঘেরে মাছ চাষে বিপ্লব

মাছুম বিল্লাহ: দিগন্তজোড়া মাছের ঘের, ঘেরের পানি বৃদ্ধি এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মৎস্য চাষীরা। একসময় এই অঞ্চলের অধিকাংশ ঘেরে শুধু চিংড়ি চাষ হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষ পদ্ধতিতে এসেছে বড় পরিবর্তন। চিংড়ি চাষে ঝুঁকি থাকায় একই ঘেরে চিংড়ি চাষের সাথে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, প্রভৃতি মাছ চাষ হচ্ছে।

 

সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় এমন চিত্র। আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও চাষীদের নিরলস পরিশ্রমে জেলায় মাছ চাষে নেমে এসেছে এক নতুন বিপ্লব। এতে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি চাষিদের আয়ও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। মাছ চাষিরা জানান, উপজেলা মৎস্য অফিস থেকে পরামর্শ, উন্নত মানের পোনা, সুষম খাদ্য, নিয়মিত পানি পরীক্ষা কারণে মাছের উৎপাদন ভালো হচ্ছে। তাছাড়া অনেক চাষি ঘেরের বেড়িঁতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে অতিরিক্ত আয় করছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কর্মকর্তা জি.এম. সেলিম বলেন, আমরা উপজেলা পর্যায় থেকে নিয়মিত মৎস্য চাষীদের সাথে যোগাযোগ রাখছি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য চাষীদের উৎসাহিত করছি। আমরা এবছর উপজেলা ভিত্তিক মৎস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করিনি জুলাই মাস শেষ হলে আমরা এটা নির্ধারণ করব।

 

Ads small one

সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

পত্রদূত ডেস্ক: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড-শাকসবজি (কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টি কুমড়া) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ করা হয়।

 

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ৬ হাজার নারিকেলের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

 

 

কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় কৃষি ঋণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক যোগ্য আবেদনকারী ঋণ পাচ্ছেন না। অন্যদিকে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে কিছু ব্যক্তি সহজেই বড় অঙ্কের ঋণ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শাখার কয়েকজন কর্মকর্তা ও তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে ঋণ বিতরণে প্রভাব বিস্তার করা হচ্ছে। এতে প্রকৃত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।
জয়নগর এলাকার কৃষক মুজিবার রহমান বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েও দীর্ঘদিন ধরে ঋণের জন্য ঘুরছেন। এখনো তিনি ঋণ পাননি।

কলারোয়া পৌরসভার ব্যবসায়ী গোলাম রসুলের অভিযোগ, প্রকৃত প্রয়োজন থাকা অনেক আবেদনকারীকে নানা অজুহাতে অপেক্ষা করানো হচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লাঙ্গলঝাড়া এলাকার মাহবাবুর রহমান বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কৃষক সময়মতো ঋণ পাচ্ছেন না। এর প্রভাব কৃষি উৎপাদনের ওপরও পড়ছে।

জালাবাদের হাবিবুর রহমানের ভাষ্য, নিয়ম মেনেই আবেদন করলেও ঋণ অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তাঁর মনে হয়েছে।
হেলাতলার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন।

কুশোডাঙ্গার বাবলু ইসলাম বলেন, অনেক প্রকৃত কৃষক ও ব্যবসায়ী ঋণ না পেলেও তুলনামূলক কম সম্পদ দেখিয়ে কিছু ব্যক্তি বড় অঙ্কের ঋণ পাচ্ছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

ভুক্তভোগীদের দাবি, শতাধিক কৃষক ও ব্যবসায়ী তাদের যোগ্যতা অনুযায়ী ঋণ পাচ্ছেন না। কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ঋণ নবায়ন ও বিতরণের অভিযোগ করেছেন তারা। অভিযোগে বলা হয়েছে, ঘুষ ছাড়া অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদন করা হয় না। প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের মাসের পর মাস ঘোরানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার মুখ্য কর্মকর্তা মো. জালাল উদ্দীন। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। যারা ঋণের জন্য আবেদন করেছেন, তাদের কাগজপত্র ঠিক থাকলে নিয়ম অনুযায়ী ঋণ দেওয়া হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে ঋণ দেওয়া হয় না।

 

 

হোমিও প্যাথিক কল্যাণ সমিতির জরুরি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
হোমিও প্যাথিক কল্যাণ সমিতির জরুরি সভা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: হোমিও প্যাথিক কল্যাণ সমিতির (হোকস) জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) রাত ৮ টায় সাতক্ষীরা লাবণী মোড় সংলগ্ন মর্ডান হোমিও ক্লিনিক এন্ড হার্ট কেয়ার ডাঃ এ এফ এম একরামুল হক এর চেম্বারে উক্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোমিও কল্যাণ সমিতি (হোকস) এর সভাপতি ডাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে সমিতির সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, হোমিও কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ডাঃ এ এফ এম একরামুল হক, সহ-সভাপতি ডাঃ সৈয়দ নাসিম আলী, সাধারণ সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আব্দুল আলিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ মোঃ হাফিজুর রহমান, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পুজন কুমার গুহ, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ আমিরুল ইসলাম মুকুল, ডাঃ মোঃ রবিউল ইসলাম, ডাঃ মোঃ ফারুক আহমদ ও ডাঃ মোঃ অহিদুজ্জামান প্রমুখ।

তাদের বক্তব্যে পরে, হোমিও কল্যাণ সমিতি (হোকস) এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে অতিশীঘ্রই হোমিও কল্যাণ সমিতির সকল সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।