বন্ধুর পাতানো ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন যুবক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া এলাকায় স্কুলজীবনের বন্ধুর সুপরিকল্পিত ছিনতাই ও প্রতারণার কবলে পড়ে মোটরসাইকেল ও মুঠোফোনসহ সর্বস্ব খুইয়েছেন মো. রাজু আহমেদ নামের এক যুবক। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার (৩ জুলাই) ভোরে বাবুলিয়া এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, স্কুলজীবনের বন্ধু হাসানুল বান্নার ওপর ভরসা করে ২০২৩ সালের জুনে চুকনগরের একটি শোরুম থেকে কিস্তিতে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল কেনেন তিনি। বিভিন্ন কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধের পর বাকি টাকার জন্য শোরুমের মালিক আব্দুল্লাহ গাড়ি আটকে রাখেন এবং বান্নার কাছে পাওনা টাকা দাবি করেন। রাজু বাধ্য হয়ে সেই টাকাও শোরুম মালিককে দেন। পরবর্তীতে কৌশলে বান্না গাড়িটি নিজের দাবি করে কলারোয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ নিয়ে বিরোধ তৈরি হলে শোরুম মালিক আব্দুল্লাহ চেকে ভুয়া মামলা দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় রাজুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এবং একপর্যায়ে চুকনগরে আটকে রেখে তাঁর আইফোনটিও ছিনিয়ে নেন। এ ঘটনায় রাজু সদর থানায় মামলা করেন।
রাজু আরও জানান, এই বিরোধের জেরে গত শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তিনি তাঁর আরেকটি নতুন মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে লস্কর ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় বন্ধু বান্না ও তাঁর সহযোগী ইসরাফিলসহ কয়েকজন রাজুকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় অস্ত্রের মুখে জিম্মি করে বৈকারী সীমান্ত এলাকাসহ চারটি স্থানে নিয়ে বাঁশের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁর ৪ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সুজুকি বাইকটি ছিনিয়ে নেওয়া হয় এবং সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরে তাঁকে তেঁতুলতলা এলাকায় ফেলে রেখে চলে যান তাঁরা। স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত হাসানুল বান্না পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।








