বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস: জ্ঞানের আলোয় সুস্থ ত্বক ও সৌন্দর্য
সাকিবুর রহমান বাবলা
মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়; বরং জীবাণু, দূষণ, অতিবেগুনি রশ্মি ও প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরক্ষাব্যূহ। অথচ দীর্ঘদিন ধরে অনেক সমাজে ত্বকের স্বাস্থ্যকে চিকিৎসাবিষয়ক গুরুত্বের পরিবর্তে কেবল রূপচর্চার অংশ হিসেবে দেখা হয়েছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ত্বকের স্বাস্থ্য সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ৮ জুলাই পালিত হয় বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস।
চর্মরোগ বিশেষজ্ঞদের দুটি আন্তর্জাতিক সংগঠন-ইন্টারন্যাশনাল লিগ অব ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ, বিশ্বের সবচেয়ে বড় বৈশ্বিক সংস্থা, যারা ১১৪টিরও বেশি দেশের চর্মরোগ বিশেষজ্ঞদের সংগঠনগুলোকে একত্রিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করে; অন্যদিকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ডার্মাটোলজি, বিশ্বব্যাপী ত্বকের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ প্রসারে কাজ করে। এই সংগঠন দুটির যৌথ উদ্যোগে ২০১৩ সালে দিবসটির সূচনা হয়। তবে ২০১৭ সালে তারা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী ত্বকের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সমতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ আন্দোলনে পরিণত হয়।
ত্বকের স্বাস্থ্যসেবায় সম্ভাবনাময় নতুন উদ্ভাবনের উদাহরণ হিসেবে ইথিওপিয়ায় জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিশোর বিজ্ঞানী হেমান বেকেলে মাত্র ১৫ বছর বয়সে এমন একটি বিশেষ সাবানের ধারণা উদ্ভাবন করেন, যা ভবিষ্যতে কিছু ধরনের ত্বকের ক্যানসারের চিকিৎসা ও প্রতিরোধে সহায়ক হতে পারে। এতে ইমিকুইমোড নামের অনুমোদিত ওষুধকে ন্যানোপার্টিকেলের মাধ্যমে ত্বকে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উদ্ভাবনটি বর্তমানে গবেষণা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এখনো সাধারণ চিকিৎসার জন্য অনুমোদিত নয়। এই প্রকল্পের জন্য তিনি ২০২৩ সালে 3M Young Scientist Challenge-এ বিজয়ী হন এবং ২০২৪ সালে TIME ম্যাগাজিনের Kid of the Year নির্বাচিত হন।
দিবসটির মূল উদ্দেশ্য হলো চর্মরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং শ্বেতী, সোরিয়াসিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী চর্মরোগ নিয়ে প্রচলিত কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করা। এ দিবস মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ত্বকের স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়; এটি মৌলিক স্বাস্থ্য অধিকারেরই একটি অংশ।
‘উন্নত ত্বকের স্বাস্থ্যের জন্য উন্নত জ্ঞান’-এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো সঠিক জ্ঞানই সুস্থ ত্বকের ভিত্তি। নির্ভরযোগ্য তথ্য মানুষকে রোগের লক্ষণ দ্রুত শনাক্ত করতে, নিরাপদ পরিচর্যা গ্রহণ করতে এবং বৈজ্ঞানিক চিকিৎসার প্রতি আস্থা তৈরি করতে সহায়তা করে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান চর্চা ও বিনিময় চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে।
ত্বকের স্বাস্থ্য ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অতিরিক্ত তাপ, আর্দ্রতা, শুষ্কতা, বায়ুদূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও অতিরিক্ত আর্দ্রতার কারণে বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বাড়ে। তাই স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্বকের যতœ নেওয়া, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সূর্যরশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বজুড়ে এই দিবস উপলক্ষে বিনামূল্যে ত্বক পরীক্ষা, স্ক্রিনিং ক্যাম্প, সেমিনার, র্যালি ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা পরিচালিত হয়। কারাগার, পিছিয়েপড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াও এর গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে #WSHD প্রচারণা ত্বকের রোগ সম্পর্কে সচেতনতা ও সহমর্মিতার একটি বৈশ্বিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করছে।
আন্তর্জাতিক ত্বক স্বাস্থ্য দিবস আমাদের শেখায় যে সুস্থ ত্বক মানে শুধু সৌন্দর্য নয়, বরং সুস্থ জীবন। তাই কুসংস্কার নয়, প্রয়োজন জ্ঞান; অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা। ত্বকের প্রতি যতœশীল হওয়া মানে নিজের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানের প্রতিই দায়িত্বশীল হওয়া। জ্ঞানের আলোয় গড়ে উঠুক ত্বক-সচেতন, সুস্থ ও মানবিক বিশ্ব।











