পাটকেলঘাটায় আব্দুল লতিফ ফান্ডের বৃত্তি ও পুরস্কার বিতরণ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘আব্দুল লতিফ বৃত্তি ফান্ড ২০২৬’-এর উদ্যোগে বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজা স্বর্ণা।
অনুষ্ঠানে পাঁচটি শ্রেণির মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজা বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একটি শান্তিময় দেশ গঠনে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের চর্চা জরুরি।
অনুষ্ঠানে বৃত্তি ফান্ডের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল মান্নান, মো. সাইফুল্লাহ, গোলাম মোস্তফা, প্রবীর কুমার দাস ও মোহাম্মদ আনারুল ইসলাম।









