শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত খান। সমন্বয় সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস এই কর্মসূচি চলবে। লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশু। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন টিকাদান চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সবুজ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল আলম এবং সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরাও সভায় অংশ নেন।

যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

মনিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেগারীতলা বাজার এলাকায় যশোর–সাতক্ষীরা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি বাঁশবোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন, বিশেষ করে জামায়াতে ইসলামীর একদল তরুণ স্বেচ্ছাসেবক দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন। মনিরামপুর পৌরসভা যুব জামায়াতের কর্মী মো. আব্দুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ব্যক্তি উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মরহুম মনির উদ্দিনের ছেলে মো. গোলাম রসুল (৪৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত গোলাম রসুল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে চোট রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন সানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুরে জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু মরহুমের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাইপো হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
জানাজায় অন্যদের মধ্যে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আশাশুনির বুধহাটা পশ্চিমপাড়া মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
আশাশুনির বুধহাটা পশ্চিমপাড়া মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠন

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটিতে অ্যাডভোকেট শহিদুল ইসলামকে সভাপতি ও আলহাজ আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাস্টার আবদুল্লাহ আল মামুন। এই কমিটি মোট ২০ সদস্যবিশিষ্ট।
অন্যদিকে, বুধহাটা পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য ১৯ সদস্যের আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ডা. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে আ. গফফার মোল্যা ও মোক্তাজুল ইসলাম খোকন এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. আবদুল্লাহর নাম ঘোষণা করা হয়। উভয় কমিটির নবনির্বাচিত নেতারা প্রতিষ্ঠান দুটির উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।