শহীদ জায়েদার ২৮তম শাহাদাতবার্ষিকীতে ভূমিহীন সমাবেশ
সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের শহীদ জায়েদার ২৮তম শাহাদাতবার্ষিকী ও তাঁর পুত্র আরমান এরশাদ আলমের আগমন উপলক্ষে স্মরণসভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্দোলন করতে গিয়ে প্রাণ দেওয়া ১০ জন বীর শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শহীদ জায়েদার স্বামী ও ভূমিহীন নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। তিনি বলেন, ভূমিহীনদের অধিকার আদায়ের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন ও অধিকার রক্ষায় সরকার পাশে থাকবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নম্বর নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম পাড়, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউপি প্রতিনিধি গোলাম ফারুক বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মো. আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী প্রমুখ।






