গবেষণায় নৈতিকতার সংকট, উচ্চশিক্ষার জন্য এক সতর্কবার্তা!
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
একটি জাতির উন্নয়নের প্রকৃত ভিত্তি নির্মিত হয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ওপর। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন কিংবা অবকাঠামোগত উন্নয়ন যতই হোক না কেন, মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা ছাড়া একটি দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে দীর্ঘকাল এগোতে পারে না। বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটি নতুন জ্ঞান সৃষ্টি, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং জাতীয় সমস্যার বৈজ্ঞানিক সমাধান খোঁজার কেন্দ্র।
সেই কারণেই গবেষণায় সততা ও নৈতিকতা একটি দেশের একাডেমিক শক্তির মূল ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে ঘিরে যে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে, তা গভীরভাবে ভাবিয়ে তোলার মতো। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার (জবঃৎধপঃবফ) হয়েছে।
এসব প্রত্যাহারের পেছনে চৌর্যবৃত্তি, তথ্য জালিয়াতি, তথ্য বিকৃতি, অনিয়মিত লেখকত্ব এবং ভুয়া পিয়ার রিভিউয়ের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এই বাস্তবতা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। কারণ আন্তর্জাতিক পরিম-লে একটি দেশের বিশ্ববিদ্যালয়ের সুনাম শুধু শিক্ষার্থীর সংখ্যা বা অবকাঠামো দিয়ে হয় না, বরং গবেষণার গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা দিয়েই মূল্যায়িত হয়।
গবেষণায় অনৈতিকতার প্রতিটি ঘটনা বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও অর্থায়নকারী সংস্থার কাছে আমাদের একাডেমিক পরিবেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। এর প্রভাব ভবিষ্যতে যৌথ গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি, গবেষণা অনুদান এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এর একটি বড় কারণ হলো গবেষণার গুণগত মানের পরিবর্তে গবেষণাপত্রের সংখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া।
অনেক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি, নিয়োগ কিংবা আর্থিক প্রণোদনার ক্ষেত্রে প্রকাশনার সংখ্যা প্রধান বিবেচ্য হয়ে ওঠে। ফলে কিছু গবেষক মৌলিক গবেষণার দীর্ঘ ও কঠিন পথ এড়িয়ে দ্রুত প্রকাশনার দিকে ঝুঁকে পড়েন। এই প্রবণতা শুধু গবেষণার মান কমায় না, বরং একাডেমিক সংস্কৃতিকেও দুর্বল করে ফেলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো গবেষণা নৈতিকতা বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, উদ্ধৃতি ব্যবস্থাপনা এবং একাডেমিক সততা সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ না থাকলে অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি সচেতন অনিয়মের ঝুঁকিও বাড়ে।
একই সঙ্গে অনেক প্রতিষ্ঠানে প্লেজিয়ারিজম শনাক্তকরণ সফটওয়্যার ব্যবহারের বাধ্যবাধকতা কিংবা কার্যকর নৈতিকতা পর্যালোচনা কাঠামো এখনও পর্যাপ্ত নয়। সংকট যত গভীরই হোক, তা থেকে উত্তরণের পথও তৈরি করা সম্ভব যদি গবেষণাকে কেবল প্রকাশনার সংখ্যা দিয়ে নয়, জ্ঞান সৃষ্টির একটি দায়িত্বশীল প্রক্রিয়া হিসেবে দেখা হয়। এ জন্য প্রয়োজন এমন একটি একাডেমিক পরিবেশ, যেখানে গবেষণার প্রতিটি ধাপে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। গবেষণা মূল্যায়নে সংখ্যার পরিবর্তে মৌলিকত্ব, বৈজ্ঞানিক মান, সামাজিক প্রভাব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে অধিক গুরুত্ব দেওয়া হলে অনৈতিক প্রতিযোগিতার প্রবণতা অনেকটাই কমে আসতে পারে।
একই সঙ্গে গবেষণা নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ, কার্যকর নৈতিকতা পর্যালোচনা ব্যবস্থা এবং গবেষণাপত্রের মান যাচাইয়ের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন। এর পাশাপাশি গবেষকদের জন্য পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক গবেষণা অবকাঠামো, আন্তর্জাতিক মানের তথ্যভান্ডারে প্রবেশাধিকার এবং গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ মানসম্মত গবেষণা কেবল কঠোর তদারকির মাধ্যমে নয়, প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধার মাধ্যমেও বিকশিত হয়।
গবেষকের ওপর শুধু প্রকাশনার চাপ বাড়িয়ে কাঙ্ক্ষিত উৎকর্ষ অর্জন করা সম্ভব নয়, বরং গবেষণার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করাই দীর্ঘমেয়াদে অধিক ফলপ্রসূ। বাংলাদেশ জ্ঞানভিত্তিক উন্নয়নের যে লক্ষ্য সামনে নিয়ে এগোচ্ছে, তার ভিত্তি হতে হবে বিশ্বাসযোগ্য ও নৈতিক গবেষণা। গবেষণায় সততা কোনো আনুষ্ঠানিক শর্ত নয়, এটি দেশের মেধা, উচ্চশিক্ষার মান এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অন্যতম ভিত্তি। আজকের এই বাস্তবতা তাই কেবল উদ্বেগের নয়, আত্মসমালোচনা ও প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান। সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা গেলে বর্তমান চ্যালেঞ্জই ভবিষ্যতের শক্তিশালী ও আস্থাভিত্তিক গবেষণা সংস্কৃতি গড়ে তোলার সুযোগ হয়ে উঠতে পারে।
লেখক: সাবেক ছাত্রনেতা ও উদ্যোক্তা







