বুধহাটায় ফারিয়া ফুটবল টুর্নামেন্ট
আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বুধহাটায় ফারিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ফুটবল মাঠে আশাশুনি ও বুধহাটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (ফারিয়া) দলগুলোর মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বাধীন আশাশুনি ফারিয়া একাদশের হয়ে হাবিব ও তামিম হোসেন দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে কামরুজ্জামান আরও একটি গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। বুধহাটা ফারিয়া একাদশের নেতৃত্বে ছিলেন মামুন খান। খেলা শেষে বিজয়ী দল আশাশুনি ফারিয়া একাদশের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশান ডেন্টাল ক্লিনিকের পরিচালক ডা. এসকে রাজা, ডা. বিদ্যুৎ চক্রবর্তী ও আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ বাদশাসহ অন্যরা।









