দুষ্ট গ্রহ
হুমায়ুন কবির দুখু
সীমানার দুইটি নারিকেল গাছ লইয়া, আদিলদ্দি শেখ এবং কছিমদ্দি শেখের দুই পরিবারের মধ্যে এমন অবস্থার উদয় হইলো যে, তাহাদের মাঝে বিস্তর দূরত্ব বাড়িয়া গেল। দীর্ঘদিনের সম্পর্কে ফাঁটল ধরিয়া ভাঙ্গিয়া খান-খান হইয়া গেল। ক্রমে তাহা ফুলিয়া ফাঁপিয়া খাল-নদী-সাগর হইতে চলিল। কেহ-ই আর আগের মত আন্তরিক হইতে পারিতেছে না। অনেক পুরুষের সম্পর্কে কোথায় যেন এক ফোঁটা গরল পড়িয়া সবকিছু বিষময় করিয়া তুলিল।
কছিমদ্দি আর আদিলদ্দি শেখের দুই পরিবার, কয়েক পুরুষ ধরিয়া পাশাপাশি বাড়ি বসবাস করিয়া আসিতেছে। তাহাদের মিল মহব্বতের কমতি নাই। বিপদে আপদে, উৎসবে আনন্দে একে অপরের সাহায্যে হাত বাড়াইয়াছে মাথা ঘামাইয়াছে। আজ তাহাদের মাঝে কোথা হইতে অসন্তোষের ঝড়ো হাওয়া বারে বারে ঝাঁপটা দিতে লাগিল। সীমানার দুইটি নারিকেল গাছের মালিকানা লইয়া এতকাল পরে দুই পরিবারের মাঝে দাবানল জ্বলিয়া উঠিল। গাছ দুটি বেশ ক’বছর আগেই ফলবান হইয়াছে। আদিলদ্দি শেখ তাহা ভোগ দখল করিয়া আসিতেছে, তাহাতে এ যাবৎ কোন বিপত্তি ঘটে নাই। হঠাৎ কছিমদ্দির উপর কি এক দুষ্ট গ্রহ ভর করিল। সে দুইটি নারিকেল গাছের একক মালিকানা দাবি করিয়া বসিল।
দুই পরিবারের মাঝে মন কষাকষি শুরু হইলো। শুরু হইলো খ- খ- বাক যুদ্ধ। তবে মেয়ে মহলে বিষয়টি বড়বেশী বাজিয়া উঠিল। পুরুষ অপেক্ষা তাহারা কয়েক ধাপ বেশী আগাইয়া পড়িয়াছে। পুরুষদের অবর্তমানে তাই ঝটিকা প্রবাহ উত্তর উত্তর বাড়িয়া চলিল। কয়েক দফা চুল ছিঁড়া-ছিঁড়ি হইয়া গেল। ক্রমে বিষ-বাষ্প পুরুষ মহলে ও ছড়াইয়া পড়িল। তাহারাও লাঠি হাতে উঠাইতে ছাড়িল না।
গ্রামের প্রভাবশালী মাতব্বর হাকিম মোড়ল, কছিমদ্দির সাথে কিছুদিন হইল একটু বেশী ভালো সম্পর্ক যাইতেছে। সম্প্রতি তাহাদের মাঝে যাওয়া আসা উঠা বসার পরিমাণ বাড়িয়া গিয়াছে। তবে মাতব্বর চলমান বিবাদ মিমাংশার ব্যাপারে অদৃশ্য কারণে তেমন গা করিলেন না। অগত্যা গ্রামের কতিপয় সাধারণ মানুষ মিলিয়া বিষয়টির আপোষ রফা করিতে চেষ্টা করিলেন। তাহারা ২ জনের মাঝে ২টি গাছ ভাগাভাগি করিয়া দিলেন। আদিলদ্দি শেখ তাহা মানিয়া নিলেন ঠিকই। কিন্তু কছিমদ্দি তাহা মানিয়া নিলেন না। তিনি দুটি গাছের একক দাবী করিতে লাগিলেন, তার থেকে এক চুল নড়িলেন না।
কছিমদ্দি ঘন ঘন মাতব্বর বাড়ী ছুটিতে লাগিল। আদিলদ্দির সাথে তার অবস্থার ঘোর অবনতি ঘটিল। থানা পুলিশ, কোর্ট কাচারী হইয়া গেল। মাতব্বর নেপথ্যে থাকিয়া কছিমদ্দিকে মদত দিতে লাগিলেন। মামলা জেলা পর্যায় পৌছাইল। দৌড়া দৌড়ি পুরা মাত্রায চলিতেছে। কিন্তু দিন মজুরের সংসার কছিমদ্দির সে চোখে সরিষার ফুল দেখিতে লাগিল। মামলা চালানো সংসার চালানো, পদে পদে সে হোঁচট খাইতে লাগিল। মাতব্বর বড় প্রভাবশালী লোক তিনি কাছিমদ্দিকে অভয় দিয়ে সাহায্যের হাত বাড়াইলেন। কছিমদ্দি স্ত্রী কন্যা নিয়ে মাতব্বর বাড়ী ঝি চাকরের কাজ করিয়া মাতব্বরের ঋণ পরিশোধের চেষ্টায় লিপ্ত হলেন। মাতব্বর কছিমদ্দির নারীকেল গাছ উদ্ধারে উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। মামলা বাজীতে তিনি প্রসিদ্ধ তা সকলেরই জানা তার লাম্পট্যের কথাও অনেকের জানা। এইভাবে দিন কাটিতে লাগিল। মাতব্বর বাড়ীতে কছিমদ্দির সোমত্ত্ব মেয়েকে ঘিরে কান কথা ছড়াইল। মাতব্বরের লালসা অনেকেই জানেন। কিন্তু প্রভাবশালী লোক মাতব্বর তাই কান কথার শব্দ বেশী হইল না। কছিমদ্দির কানে চাপা শব্দ অথবা গরম তেল কতটা ঢুকিল কে জানে! তবে শোকে দুঃখে, অর্ধাহারে অনাহারে একদিন কছিমদ্দি সব চিন্তার উর্দ্ধে চলিয়া গেল। মামলার ফল সে শুনিয়া যাইতে পারিল না।
কছিমদ্দি মারা গিয়াছে গ্রামে খবর ছড়াইয়া পড়িল। গ্রামবাসীরা তার বাড়ী জড়ো হইতে লাগিল। প্রতিবেশী আদিলদ্দি শেখ ও আসিল। ইমাম সাহেব জানাইলেন মুর্দা বেশীক্ষণ রাখা ঠিক নয় এতে আজাব হয়। সকলে সৎকারের কথা তুলিলেন। দরিদ্র কছিমদ্দির ঐ বসত ভিটা ছাড়া আর জমি নাই। তার স্ত্রী, সন্তান সহ গ্রামবাসী স্থির করিলেন ঐ ভিটেয় তার কবর দেয়া হবে। গোর খনন শুরু হইল। এমন সময় মাতব্বর আসিয়া বাঁধা দিলেন। তিনি বলিলেন এ ভিটে আমার। মামলা চালাইতে গিয়া কছিমদ্দি তা মাতব্বরকে লিখে গিয়েছে। সকলে অবাক হয়ে মাতব্বরের মুখের দিকে চাহিয়া রহিল। কে যেন বলিয়া উঠিল এই দুষ্ট গ্রহের প্রভাবে, নারিকেল গাছ দখল করতে যেয়ে কছিমদ্দির বসত ভিটা খুয়াইল।









