সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ কামালের কবিতার অন্তর্গত ব্যঞ্জনা ও নির্মাণশৈলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
মাহমুদ কামালের কবিতার অন্তর্গত ব্যঞ্জনা ও নির্মাণশৈলী

জিয়াউদ্দিন লিটন
মাহমুদ কামালের ‘মু-ুহীন মহারাজ’ প্রথম পাঠে পাঠককে চমকে দেয়। একজন মানুষ ঘুম থেকে উঠে দেখছেন, তাঁর মাথা নেই! ঘটনাটি অসম্ভব, অবাস্তব; তবু কবিতাটি পড়তে পড়তে একসময় মনে হয়, এই অসম্ভব ঘটনাটির ভেতরেই যেন আমাদের চেনা জীবনের কোনো অস্বস্তিকর সত্য লুকিয়ে আছে। কবি সেই সত্যকে সরাসরি বলেননি। বরং হাস্যরস, উদ্ভটতা, কথ্যভাষা ও একের পর এক অদ্ভুত দৃশ্যের মধ্য দিয়ে ধীরে ধীরে পাঠককে সেখানে নিয়ে গেছেন।
কবিতার প্রথম বাক্যই তাই পাঠককে থামিয়ে দেয়Ñঘুম থেকে জেগে উঠে দেখি আমার শরীর থেকে মাথাটি উধাও মাথা উধাও হয়ে যাওয়া শুধু একটি অস্বাভাবিক ঘটনা নয়; এই মুহূর্তেই মানুষটির নিজের সঙ্গে তাঁর সম্পর্কের সংকট শুরু হয়। আরও আশ্চর্যের বিষয়, মাথা নেই, অথচ তিনি সবকিছু দেখতে পাচ্ছেনÑ
চোখ আছে কিনা জানিনা তবে, সবকিছু স্পষ্টই দেখতে পাচ্ছি শুধু মাথাটি নেই।
এই বৈপরীত্যটি কবিতার গভীর অর্থের দরজা খুলে দেয়। দেখা যাচ্ছে, কিন্তু ভাবার কেন্দ্রটি কোথায়? পৃথিবীকে দেখা যাচ্ছে, অথচ নিজের অস্তিত্বকে ধারণ করার যে কেন্দ্র, সেটিই অনুপস্থিত। ফলে ‘মাথা’ এখানে কেবল শরীরের একটি অঙ্গ নয়; এটি চিন্তা, স্মৃতি, বিচারবোধ, আত্মপরিচয় এবং নিজের সম্পর্কে সচেতন থাকার প্রতীক হয়ে ওঠে।কবিতার শুরুতেই তাই দুটি জগত পাশাপাশি দাঁড়িয়ে যায়Ñদেহ আছে, কিন্তু সত্তার কেন্দ্র নেই; চোখ আছে, কিন্তু নিজের অবস্থান বোঝার নিশ্চয়তা নেই।
এরপর শুরু হয় মাথা খোঁজার পালা। বক্তা যাকেই মাথার কথা জিজ্ঞাসা করেন, সবাই এড়িয়ে যায়Ñযাকেই মাথার কথা জিজ্ঞাসা করি সবাই এড়িয়ে যায় ভয়ে কিংবা শোকে। এই ‘এড়িয়ে যাওয়া’ খুব সাধারণ কোনো আচরণ নয়। এখানে কবি নীরবতার একটি আবহ তৈরি করেছেন। মানুষটি নিজের সবচেয়ে জরুরি প্রশ্নটি করছেন, কিন্তু কেউ তার উত্তর দিতে চাইছে না। কেউ হয়তো ভয় পাচ্ছে, কেউ শোক করছে; কিন্তু কেউই সত্যিটিকে সামনে আনছে না। সবচেয়ে বেদনাদায়ক জায়গাটি আসে পরিবারে। স্ত্রী, পুত্র-কন্যারাও মু-ুহীন মানুষটির সঙ্গে তৈরি করেÑঅচেনা সম্পর্ক।
দুটি শব্দ, অথচ এর মধ্যে অনেকখানি বেদনা জমে আছে। মানুষটি তো একই মানুষ; তাঁর শরীরও আছে, তাঁর পরিবারও আছে। কিন্তু মাথা নেই বলে আপনজনের কাছেও তিনি আর আগের মানুষটি নন। এখানেই কবি খুব নিঃশব্দে একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করেনÑমানুষের পরিচয় শুধু তার শরীরে নয়; তার চিন্তা, স্মৃতি, আচরণ, স্বর, বোধ এবং ব্যক্তিত্বের মধ্যেও তার পরিচয় বাস করে।
এরপর বক্তা বন্ধুদের কাছে যান। বন্ধুরা বিস্মিত হয়। তারা জানে, তাঁর মাথা কখনো হারানোর কথা নয়। কিন্তু যে মানুষ নিজের মাথা হারিয়েছেন, নিজের মাথা ফিরে পাওয়ার জন্য তাকেই আবার বন্ধুদের সাহায্য নিতে হচ্ছে। নিজের সত্তার কেন্দ্র হারিয়ে ফেললে মানুষ যে কতটা অসহায় হয়ে পড়ে, এই ছোট্ট ঘটনাটিই তার ইঙ্গিত দেয়। বন্ধুরা একটি তালিকা করে দেয়। শুরু হয় মাথা খোঁজার অভিযান।
প্রথমে থানা। সেখানে মাথা নেই। তারপর সেমিনার, মঞ্চ নাটক, সিনেমা হল, পোস্টার, মিছিলÑকোথাও নেই। হাসপাতালেও নেই। আঞ্জুমানে মফিদুল ইসলামেও নেই। প্রেমিকার বাড়িতেও নেই। এমনকি যৌনপল্লিতেও নেই। এই দীর্ঘ তালিকাটি কবিতার অন্যতম আকর্ষণীয় অংশ। প্রথমে এগুলোকে নিছক কৌতুক বলে মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে পড়লে দেখা যায়, কবি আসলে মানুষের জীবনের নানা পরিসর একে একে সামনে এনেছেন। থানা, সেমিনার, মঞ্চ, সিনেমা, পোস্টার, মিছিল, হাসপাতাল, মৃত্যু, প্রেম, শরীরÑজীবনের কত বিচিত্র জায়গায় মানুষ নিজের অস্তিত্বকে ছড়িয়ে রাখে। অথচ সেই বিস্তৃত জীবনের কোথাও বক্তার মাথাটি পাওয়া যাচ্ছে না।
এখানে কবির নির্মাণকৌশলটি বেশ চমৎকার। খোঁজার জায়গা যত বাড়ে, না-পাওয়ার অনুভূতিও তত গভীর হয়। একসময় মনে হয়, মাথাটি কোনো নির্দিষ্ট জায়গায় হারায়নি; বরং অনুপস্থিতিটি যেন চারপাশে ছড়িয়ে আছে। ‘নেই’ শব্দটির বারবার ফিরে আসাও তাই অর্থবহ। কবিতাটি প্রচলিত ছন্দে লেখা নয়, কিন্তু এই পুনরাবৃত্তির মধ্যেই তার নিজস্ব ছন্দ তৈরি হয়েছে। একেকটি ‘নেই’ যেন বক্তার হতাশাকে আরও একটু দীর্ঘ করে। এভাবে চলতে চলতে কবিতাটি হঠাৎ অন্য দিকে মোড় নেয়Ñ
“হঠাৎ মনে হল গুরুপদ মহাজনের কথা” এই ‘হঠাৎ’ খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ মানুষটি বাইরে বাইরে নিজের মাথা খুঁজছিলেন। এখন তাঁর মনে পড়ে এমন একজনের কথা, যার সঙ্গে তাঁর ব্যক্তিগত দেনা-পাওনার সম্পর্ক আছে। এখানেই কবিতার আসল রহস্য উন্মোচনের পথ তৈরি হয়।
বক্তা বলেন-“কিছুদিন আগে তার কাছে থেকে ধার নিয়েছিলাম ক্ষমতাসূত্র কিন্তু বাড়ি ফিরে দেখি তার পরিবর্তে সে আমাকে ধরিয়ে দিয়েছে কামসূত্র।
এখানে ‘ক্ষমতাসূত্র’ ও ‘কামসূত্র’-এর ব্যবহার কবিতাটির ভাষিক কৌতুকের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ‘সূত্র’ একই থাকলেও তার আগে শব্দ বদলে যাওয়ায় অর্থের জগৎ পাল্টে যায়। প্রত্যাশা ও প্রাপ্তির এই অমিল থেকেই তৈরি হয় ব্যঙ্গের তীব্রতা। শেষ পর্যন্ত গুরুপদ মহাজনের বাড়িতেই পাওয়া যায় মাথাটি।
কিন্তু মাথা পাওয়া গেলেই যে সব সমস্যার সমাধান হবে, তা নয়। বরং কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তটি আসে তখনই- “ওটা তো বন্ধক রেখেছো।”
এই একটি শব্দÑ‘বন্ধক’Ñপুরো কবিতার অর্থকে নতুন করে সাজিয়ে দেয়। মাথাটি হারিয়ে যায়নি। চুরি হয়নি। কেউ ছিনিয়ে নেয়নি। বক্তা নিজেই সেটি বন্ধক রেখেছেন। এখানেই কবিতার ব্যঙ্গের আড়ালে একটি গভীর আত্মজিজ্ঞাসা তৈরি হয়। কোনো জিনিস হারিয়ে গেলে আমরা তার মালিককে খুঁজতে পারি; কিন্তু কোনো জিনিস বন্ধক রাখলে মালিকানা থাকলেও তার ওপর তাৎক্ষণিক অধিকার থাকে না। ফলে বক্তার মাথা তাঁরই, কিন্তু তিনি আর তার ওপর নিজের মতো করে অধিকার প্রয়োগ করতে পারছেন না।
এখানে কবিতাটি আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়Ñমানুষ কি কখনও নিজের প্রয়োজন, আকাক্সক্ষা কিংবা কোনো প্রাপ্তির বিনিময়ে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটিই বন্ধক রেখে দেয়?
কবি এই প্রশ্নের সরাসরি উত্তর দেন না। বরং উত্তর না দিয়েই কবিতাটিকে আরও গভীরে নিয়ে যান।
গুরুপদ মহাজন জানিয়ে দেনÑ“মাথাটি তুমি আর ফেরত পাবে না এ মাথাটি নিলামে উঠবে”
‘নিলাম’ শব্দটি কবিতার শেষ দিকের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি। মাথা এখন আর ব্যক্তির শরীরের অংশমাত্র নয়; তা অন্যের চাহিদা ও আগ্রহের বিষয় হয়ে উঠেছে। চিন্তা, বিচারবোধ, স্মৃতি, আত্মপরিচয়Ñযে জিনিসগুলো একজন মানুষকে স্বতন্ত্র করে, সেগুলোর প্রতীকী কেন্দ্রটিই এখন বাজারের পণ্যে পরিণত হচ্ছে। আর তারপর আসে সেই নির্মম অথচ হাস্যকর বাক্যÑ
তোমার মুড়োটি ভেঙে খেতে অনেকেই প্রস্তাব দিয়েছে
এই জায়গায় মাহমুদ কামালের ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য স্পষ্ট হয়। তিনি কোনো ভারী শব্দ দিয়ে ভয়াবহতা তৈরি করেননি। বরং লোকজ কথ্যতার সরল ভঙ্গিতে এমন একটি বাক্য লিখেছেন, যা প্রথমে হাসায়, পরে অস্বস্তিতে ফেলে। এই হাসির ভেতরেই কবিতার কালো রস জমে আছে।
এ কারণেই ‘মু-ুহীন মহারাজ’ নামটিও গভীর তাৎপর্য বহন করে। ‘মহারাজ’ মানে মর্যাদা, মহিমা, কর্তৃত্ব ও উচ্চ অবস্থান। আর ‘মু-ুহীন’ মানে সেই অবস্থানের সবচেয়ে প্রয়োজনীয় কেন্দ্রটির অনুপস্থিতি। ফলে শিরোনামের দুটি শব্দ পাশাপাশি বসেই একটি তীব্র বৈপরীত্য তৈরি করে। মাথা নেই, অথচ মহারাজ!
কিন্তু নিজের মাথার ওপরই যার অধিকার নেই, তার রাজত্ব কতখানি নিজের?
এই প্রশ্নের মধ্যেই শিরোনামের ব্যঙ্গ লুকিয়ে আছে।
আঙ্গিকের দিক থেকেও কবিতাটি মনোযোগ দাবি করে। এটি মূলত আখ্যানধর্মী গদ্যকবিতা। কবি দীর্ঘ বাক্যে ঘটনাগুলোকে একটির পর একটি সামনে এনেছেন। কোথাও বাক্য দীর্ঘ, কোথাও বিরতি কম; কোথাও আবার স্থান পরিবর্তন এত দ্রুত যে পাঠকও বক্তার সঙ্গে সঙ্গে ছুটতে থাকেন। এই অস্থির গতি কবিতার বিষয়বস্তুর সঙ্গে সুন্দরভাবে মিলে গেছে।
মাথা খোঁজার সময় বাক্য যেন থামতে চায় না। থানা থেকে সেমিনার, সেমিনার থেকে মঞ্চ, মঞ্চ থেকে সিনেমা, সেখান থেকে পোস্টার, মিছিল, হাসপাতালÑএকটির পর একটি দরজা খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। শেষে গুরুপদ মহাজনের বাড়িতে পৌঁছানোর পর গতি হঠাৎ থেমে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর কয়েকটি সংলাপেই সমস্ত রহস্য ঘনীভূত হয়। কবিতাটির আখ্যান তাই সহজভাবে বলা যায়Ñ হারানো→খোঁজা→পাওয়া→বন্ধক→নিলাম। কিন্তু এর ভেতরের যাত্রাটি আরও গভীরÑ নিজেকে খোঁজা→নিজের ওপর অধিকার হারানো। এই জায়গাতেই কবিতাটি নিছক উদ্ভট কাহিনি বা হাস্যরসের সীমা ছাড়িয়ে যায়। আর একটি বিষয় বিশেষভাবে লক্ষ করার মতো। কবিতার শুরুতে বক্তা বলেন ‘আমার’Ñ “আমার শরীর থেকে মাথাটি উধাও” কিন্তু শেষদিকে গুরুপদ মহাজন বলেনÑ“তুমি আজ মু-ুহীন মহারাজ। ‘আমি’ থেকে ‘তুমি’তে এই পরিবর্তনটি কবিতার পরিসরকে হঠাৎ বড় করে দেয়। প্রথমে মনে হয়, ঘটনাটি একজন মানুষের। শেষ পর্যন্ত বোঝা যায়, কবি সেই অভিজ্ঞতাটি পাঠকের কাছেও পৌঁছে দিতে চাইছেন। তখন প্রশ্নটি আর কেবল কবিতার চরিত্রের থাকে না। পাঠক নিজের দিকে তাকান। নিজের সিদ্ধান্তের দিকে তাকান। নিজের জীবনের দিকে তাকান। এখানে ‘বন্ধক’ শব্দটি আবার ফিরে আসে। কারণ কবি শুধু বলেননি যে একজন মানুষ তার মাথা হারিয়েছে; তিনি দেখিয়েছেন, সেই মাথাটি নিজেই বন্ধক রেখেছিল। ফলে দায়ের প্রশ্নটিও জটিল হয়ে ওঠে। কোনো এক সময় কি মানুষ নিজের চিন্তা, বিবেচনা, আত্মমর্যাদা কিংবা স্বাতন্ত্র্যের বিনিময়ে এমন কিছু গ্রহণ করে, যার মূল্য পরে গিয়ে বুঝতে পারে? কবিতাটি সেই মুহূর্তটির নাম দেয়নি। বরং তাকে পাঠকের কল্পনার ওপর ছেড়ে দিয়েছে। এই অনুক্তিই কবিতার শক্তি। সবকিছু বলে দিলে কবিতার অর্থ হয়তো ছোট হয়ে যেত। মাহমুদ কামাল বরং একটি অসম্ভব ঘটনা তৈরি করে তার ভেতরে বহু সম্ভাব্য অর্থ রেখে দিয়েছেন। পাঠক নিজের অভিজ্ঞতা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে পারেন। শেষ পর্যন্ত ‘মু-ুহীন মহারাজ’ তাই একটি মাথা হারানোর গল্প নয়। এটি নিজের সঙ্গে নিজের সম্পর্ক হারানোর গল্প। এটি এমন এক মানুষের গল্প, যার শরীর আছে, পরিবার আছে, বন্ধু আছে, পৃথিবীকে দেখার চোখ আছেÑকিন্তু নিজের চিন্তা ও আত্মপরিচয়ের কেন্দ্রটি আর নিজের নিয়ন্ত্রণে নেই। কবিতার শুরুতে প্রশ্ন ছিলÑমাথা কোথায়? তারপর জানা গেলÑমাথা হারায়নি, বন্ধক রাখা হয়েছে। শেষে জানা গেলÑমাথা শুধু বন্ধকই পড়েনি, নিলামে উঠতে যাচ্ছে।
আর ‘আমি’ যখন শেষ পর্যন্ত ‘তুমি’ হয়ে যায়, তখন কবিতাটি পাঠকের সামনে এসে দাঁড়ায় এক আয়নার মতো। সেই আয়নায় নিজের মুখ দেখা যায় কি না, সেটিই হয়তো শেষ প্রশ্ন নয়। বরং প্রশ্ন হলোÑ
আমার মাথা কি সত্যিই আমারই?

Ads small one

কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী, সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধীর টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

বাদশাহ শাহজাহান সেলিম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় তাঁদের একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে কৌশলে টাকা নিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন।

বাদশাহ শাহজাহান সেলিম বলেন, অল্প পুঁজি নিয়ে ক্যালেন্ডার বিক্রি করে তাঁর সংসার চলে। প্রতিদিনের আয় দিয়েই পরিবারের খরচ চালাতে হয়। প্রতারণার ঘটনায় তাঁর ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে।

প্রতারণার অভিযোগে টাকা হারিয়ে মর্মাহত সেলিম অভিযুক্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের শনাক্ত করতে এবং হারানো টাকা উদ্ধারে সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগীর যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬। তিনি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন, যাতে হারানো পুঁজি ফিরে পেয়ে আবারও ছোট ব্যবসাটি চালু করতে পারেন।

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।