শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সংবাদদাতা: সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কবির সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহিদ নাজমুল সরণিতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরা নাট্যদল (সানাদ) ও স্বরবৃত্ত একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পল্টু বাশার।

অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, এড. সৈয়দ ইফতেখার আলী, অধ্যক্ষ আশেক-ই এলাহি, ও কবি নাজমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিরুল বাশার ও কবি শুভ্র আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য স্বল্পায়ু হলেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করা এই কবি অল্প সময়ের সাহিত্যজীবনেই মানুষের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা, সংগ্রাম ও স্বপ্নকে তাঁর কবিতায় তুলে ধরেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কবি। তাঁর সাহিত্যকর্মে সমাজতান্ত্রিক চিন্তাধারা, মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং সমকালীন রাজনৈতিক-সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।

বক্তারা আরও বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা ও রাজনীতি যেন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তাঁর লেখায় শোষিত মানুষের অধিকার, সাম্য ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। শিশুদের নিয়েও তিনি লিখেছেন গান ও কবিতা। রুশ বিপ্লবসহ তৎকালীন বিশ্বের নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রভাবও তাঁর সাহিত্যচিন্তায় প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কবি গাজী শাহাজান সীরাজ, কবি শহিদুর রহমান, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক, কবি গুলশান আরা, রাবেয়া খাতুন রুপা, কবি মনিরুজ্জামান, মাহফুজা হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু ও মনজুরুল হক সংগীত পরিবেশন করেন। পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তির মাধ্যমে কবির সাহিত্য ও সংগ্রামী চেতনাকে স্মরণ করা হয়।

এসময় অতিথিরা ‘মিঠেকড়া’ নামে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের উপস্থিতিতে ম্যানগ্রোভ সভাঘর প্রাণবন্ত হয়ে ওঠে।

Ads small one

আশাশুনিতে নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন, বাড়ল বিদ্যুৎ সক্ষমতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন, বাড়ল বিদ্যুৎ সক্ষমতা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি জোনাল অফিসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে সাতটি পুরোনো সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমার সরিয়ে নতুন ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন ও চালু করা হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিস সূত্রে জানা গেছে, নতুন ট্রান্সফরমার চালুর ফলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট কমে আসবে। এতে সেবার মান উন্নত হবে।

আশাশুনি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-ওঅ্যান্ডএম) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, নতুন ১০ এমভিএ ট্রান্সফরমারে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা ও লোড বৃদ্ধি পেলেও তা সহজে মোকাবিলা করা সম্ভব হবে।

নতুন ট্রান্সফরমার চালুর মধ্য দিয়ে আশাশুনির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ২দিনব্যাপী ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ২দিনব্যাপী ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

সংবাদদাতা: নবনির্মিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে যুব মুসল্লিদের আয়োজনে দুই দিনব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বাদ আসর আলহাজ মোজাম্মেল হকের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি বয়সে (৪-৮, ৯-১১ ও ১২-১৫ বছর) ভাগ হয়ে ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, আইনজীবী শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম।

পরদিন ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব আলহাজ শেখ জাফরুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান। প্রতিযোগিতায় মেয়েদের ২টি গ্রুপ ও ছেলেদের ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সান্ত¡না পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান, মফিজুর রহমান, আরিফুর রহমান, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম এবং সার্বিক পরিচালনায় ছিলেন শেখ মোস্তাক আহম্মেদ ও মনির হোসেন।

অসুস্থ পুরোহিত শুভংকরের আকুতি: বাঁচতে চান তিন মেয়ের বাবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অসুস্থ পুরোহিত শুভংকরের আকুতি: বাঁচতে চান তিন মেয়ের বাবা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: “আমার বাবাকে বাঁচান, বাবা ছাড়া আমাদের কেউ নেই…” সাত বছরের শিশু দিয়ার এই আকুতি সেখানে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের পুরোহিত শুভংকর ব্যানার্জি দুটি ফুসফুসের জটিলতায় ভুগছেন। সারা জীবন অন্যের মঙ্গলের জন্য পূজা করে যে সামান্য আয় হতো, তা দিয়েই স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে চলত তাঁর সংসার। নিজস্ব কোনো জমিজমা নেই, সম্বল শুধু বসতভিটাটুকু। গত এক বছর ধরে তাঁর দুটি ফুসফুস অকেজো হয়ে পড়েছে। দেশ ও ভারতের কল্যাণীর চিকিৎসকেরা জানিয়েছেন, ওষুধে আর কাজ হবে না, দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ইতিমধ্যে ধারদেনা করে সঞ্চয় শেষ, ওষুধ কেনার টাকাও নেই। সামনের দুর্গোৎসবে যে মানুষটি সবাইকে আনন্দ দিতেন, তিনি এখন হাসপাতালের বিছানায়।

শুভংকরের স্ত্রী অসীমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে চোখের সামনে স্বামীকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখছেন তারা। সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে তিনটি শিশু সন্তান বাবাকে হারানো থেকে রক্ষা পেতে পারে। (সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ নম্বর- ০১৭২৪২৬৩৮১৫)।