চিরনিদ্রায় মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ এতিমখানার দাতা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা টিঅ্যান্ডটি অফিসের অবসরপ্রাপ্ত টেলিফোন অপারেটর ছিলেন।
মঙ্গলবার দুপুরে মিলবাজার মরহুম আব্দুল দালাল ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও শিল্প মন্ত্রণালয়ের খুলনা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা মো. আবু সাঈদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ, মাদ্রাসার সুপার মো. আছগর হোসেন, সহকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারী শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমাছ আলী ও মো. মোকছেদ আলী প্রমুখ। জানাজা পরিচালনা করেন মিলবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আক্তারুজ্জামান। জানাজা শেষে তাঁকে মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ এতিমখানা চত্বরে তাঁর স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। শিক্ষা ও জনসেবায় তাঁর অবদান এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।












