সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা

0-0x0-0-0#

মিলন বিশ্বাস: দুই বছর পর ফিরে আসা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা প্রতিদিনই জমে উঠছে। দুপুরের পর থেকে বাড়ছে দর্শনার্থীর আনাগোনা। বিকেল গড়াতেই শহীদ আবদুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণ হয়ে উঠছে প্রাণচঞ্চল। শিশুদের খেলনা, নাগরদোলা, নৌকা ও নানা বিনোদনের পাশাপাশি চলছে কেনাকাটা ও খাবারের আয়োজন। তবে দর্শনার্থীর উপস্থিতি ভালো হলেও প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা না হওয়ায় মেলার সময় আরও কিছুটা বাড়ানোর প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

বুধবার (৭ অক্টোবর) মেলার সপ্তম দিনে দুপুরের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল থেকে পরিবার-পরিজন নিয়ে মেলায় আসেন অনেকে। কেউ শিশুদের নিয়ে ঘুরছেন, কেউ কিনছেন পোশাক, প্রসাধনী, মেলামাইন, খেলনা ও গৃহস্থালি পণ্য। খাবারের দোকানগুলোতেও দেখা যায় ক্রেতাদের আনাগোনা।

ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পরই মেলায় দর্শনার্থীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়ে। অথচ নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টার মধ্যেই মেলা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে অনেক দর্শনার্থী মেলায় পৌঁছানোর পর কেনাকাটার সুযোগ খুব কম সময় পাচ্ছেন। এতে দর্শনার্থীর ভিড় থাকলেও সেই অনুপাতে বেচাকেনা হচ্ছে না বলে দাবি তাঁদের।

ঢাকা থেকে প্রায় ১০ লাখ টাকার মেলামাইন পণ্য নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ী মো. সিরাজ। তাঁর দোকানে নয়জন কর্মচারী রয়েছেন। তাঁদের খাওয়া, দোকান পরিচালনা ও অন্যান্য খাতে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

সিরাজ বলেন, “বেচাকেনা খুব একটা ভালো হচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পরের সময়টা আমাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু রাত ৮টার মধ্যে মেলা বন্ধ হয়ে যাওয়ায় সেই সময়টুকু পাচ্ছি না। আমার পাঁচ সদস্যের পরিবার, আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মেলায় যে আয় হবে, তা দিয়েই সারা বছর চলতে হবে। এভাবে বেচাকেনা হলে ক্ষতিগ্রস্ত হব।”

গাজীপুর থেকে গার্মেন্টসের পণ্য নিয়ে আসা ব্যবসায়ী বেলায়েত বলেন, তাঁর দোকানে বেচাকেনা প্রত্যাশার তুলনায় কম। প্রতিদিন দোকান ও খাবারসহ প্রায় ১ হাজার ৬০০ টাকা খরচ হলেও এখনো সেই অনুপাতে বিক্রি হচ্ছে না।

তিনি বলেন, “সন্ধ্যার পরই কাস্টমার বেশি আসে। কিন্তু সন্ধ্যা হতে না হতেই মেলা বন্ধ হয়ে গেলে ক্রেতা কমে যায়। সময়টা একটু বাড়ানো হলে বেচাকেনা বাড়তে পারে।”

গাজীপুর থেকে শিশুদের খেলনার দোকান নিয়ে আসা মামুন বলেন, তাঁর বেচাকেনা মোটামুটি হলেও খরচ বাদ দিয়ে খুব বেশি থাকছে না। সারা বছর দেশের বিভিন্ন স্থানে মেলায় দোকান করেন তিনি। তাঁর পরিবারের তিন সদস্যের সংসার এই আয়ের ওপর নির্ভরশীল।

মামুন বলেন, “মেলা থেকে যে আয় হয়, তা দিয়েই আমাদের সংসার চলে। বেচাকেনা একটু বাড়লে আমাদের জন্য ভালো হয়। দর্শনার্থী ভালো আছে, আশা করছি সামনে বিক্রি আরও বাড়বে।”

বগুড়া থেকে শিশুদের খেলনা নিয়ে আসা আরাফাত বলেন, টুকটাক বেচাকেনা হচ্ছে। দর্শনার্থীর সংখ্যা ভালো থাকায় সামনে বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি।

তবে সব দোকানে বেচাকেনা কম নয়। সাতক্ষীরার সুলতানপুর থেকে খাবারের দোকান নিয়ে আসা মেহেদী হাসান বলেন, তাঁর দোকানে ভালোই বিক্রি হচ্ছে। ছোলা, বাদাম, পাপড়, কদমা ও গজাসহ বিভিন্ন খাবারের চাহিদা রয়েছে।

ভাবির সংসারের মালিক মো. জহিরুল ইসলাম বলেন, “সন্ধ্যার পরই মেলায় মানুষের ভিড় বাড়ে। কিন্তু যে সময় বেচাকেনা হওয়ার কথা, সেই সময়ই মেলা বন্ধ হয়ে যাচ্ছে। মেলা আরও কিছু সময় চললে ব্যবসায়ীরা উপকৃত হবেন।”

দর্শনার্থীর উপস্থিতি বাড়লেও মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। যশোরের কেশবপুর থানায় কর্মরত উপপরিদর্শক মেজবা উদ্দিন মেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “মেলার সার্বিক নিরাপত্তা ভালো। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, কেনাকাটা করছেন, ঘুরে দেখছেন। আশা করি কোনো সমস্যা হবে না। মেলার বাকি দিনগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দায়িত্ব পালন করব।”

সাতক্ষীরার মেলায় যশোরের কেশবপুর থেকে বাড়তি নিরাপত্তার দায়িত্বে আসার বিষয়ে তিনি বলেন, “আমার জানামতে, দীর্ঘদিন মেলাটি বন্ধ ছিল। নতুন করে মেলাটি চালু হয়েছে। কোনো দুষ্কৃতিকারী যাতে নতুন করে সমস্যা তৈরি করতে না পারে, সে জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”

দুই বছর পর ফিরে আসা গুড়পুকুর মেলাকে ঘিরে সাতক্ষীরার মানুষের আগ্রহও বাড়ছে। দুপুর থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে থাকছে দর্শনার্থীদের আনাগোনা। শিশুদের বিনোদন থেকে শুরু করে কেনাকাটা ও খাবারÑসব মিলিয়ে প্রতিদিনই উৎসবমুখর হয়ে উঠছে মেলা।

ব্যবসায়ীদের প্রত্যাশা, সামনে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং বেচাকেনাও জমে উঠবে। বিশেষ করে সন্ধ্যার সময়টুকু বাড়ানো হলে সেই সুযোগ আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

১ অক্টোবর শুরু হওয়া গুড়পুকুর মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ফলে সামনে আরও কয়েক দিন দর্শনার্থীদের জন্য মেলা উপভোগের সুযোগ থাকছে। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে মানুষের আগ্রহ ও উপস্থিতি আরও বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ী ও আয়োজকদের।

Ads small one

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন ও সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়ায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের নওয়াপাড়ায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া বুইকারা গোরস্তানে প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ। পরে তাঁরা এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করেন।

বিকেল ৩টায় নওয়াপাড়া নৌযান কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি বাহারুল ইসলাম বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ্ আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং আলোচক ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

সভায় আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি আজিজুল হক মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক নূর আলম মাস্টার, ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অভয়নগর থানা সভাপতি মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুল ইসলাম টিটোসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানা সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।

বক্তারা বলেন, দিদারুল হক ছিলেন শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন নিষ্ঠাবান ও ত্যাগী নেতা। শ্রমিক আন্দোলনে তাঁর আদর্শ, সাহস ও সংগ্রামী ভূমিকা থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে।

বক্তারা জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান। তাঁরা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়নে আন্দোলন জোরদার করা প্রয়োজন।

প্রধান অতিথি শাহ্ আলম ভূঁইয়া বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কথা বিবেচনায় সরকারকে সময় দেওয়া হয়েছে। তবে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। স্মরণসভা আয়োজনের ক্ষেত্রে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম ব্যবহারের সুযোগ না দেওয়ায় তিনি ক্ষোভ ও প্রতিবাদ জানান। প্রেসবিজ্ঞপ্তি

অসুস্থ দুই নেতার রোগমুক্তি কামনায় খুলনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অসুস্থ দুই নেতার রোগমুক্তি কামনায় খুলনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জির পিতা শিব চন্দ্র ব্যানার্জী এবং পরিষদের কার্যনির্বাহী সদস্য শিবনাথ ভক্তের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর শ্রীশ্রী কয়লাঘাট কালীমন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। তাঁরা দুজনই গুরুতর অসুস্থ অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দিরের এস্টেট নির্বাহী ট্রাস্টি গোপী কিষণ মুন্ধড়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি অধ্যাপক তারকচাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী ও বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু কুমার বিশ্বাস, অ্যাডভোকেট বিজন কৃষ্ণ মণ্ডল, মহাদেব সাহা, প্রকৌশলী বাবুল কুমার দেবনাথ, প্রদীপ সাহা মদন, ভবেশ চন্দ্র সাহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া মহানগর সদর ও সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা প্রার্থনা সভায় অংশ নেন। সভায় অসুস্থ দুজনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি