বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির সরকার কৌশলগতভাবে সেই বিক্ষোভ দমন করে।

Ads small one

ফিফটির দেখা পেয়েছেন লিটনও

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
ফিফটির দেখা পেয়েছেন লিটনও

স্পোর্টস ডে:
তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৩৩ ওভারে ১৫৭/৩ (লিটন ৫২*, শান্ত ৮১*; সাইফ ০, তানজিদ ১, সৌম্য ১৮)

চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে দিশা দেখাচ্ছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্তর পর ফিফটি তুলে নিয়েছেন লিটনও। লিটন ১৩তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন ৭১ বলে। তাদের পার্টনারশিপ একশও ছাড়িয়েছে।

শান্তর টানা দ্বিতীয় ফিফটি

৩২ রানে তিন উইকেট পড়ার পর জুটি গড়ে দলকে স্থিতি এনে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। জুটি গড়েছেন তারা। শান্ত সিরিজে টানা দ্বিতীয় ফিফটির দেখাও পেয়েছেন। তার পঞ্চাশ পূরণ হয়েছে ৭০ বলে। এটা তার ক্যারিয়ারের ১২তম ফিফটি।

ও’রুর্কের তৃতীয় শিকার সৌম্য

৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন সৌম্য। কিন্তু নবম ওভারে সেই ও’রুর্কের গতি আর বাউন্সের কাছে পরাস্ত হয়েছেন। বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন ১৮ রানে। তাতে ৩২ রানে পতন হয়েছে তৃতীয় উইকেটের।

ও’রুর্কের আঘাতে সাজঘরে সাইফ-তানজিদ

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩ ওভারের মধ্যে ফিরেছেন দুই ওপেনার। উইল ও’রুর্কের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান (০)। এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানেন ও’রুর্ক। তার বাউন্সি বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসানও (১)।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোস্তাফিজ

শেষ ওয়ানডেতেও বাংলাদেশের টস ভাগ্য সহায় হয়নি। টানা তিন ম্যাচেই টস জিতলো নিউজিল্যান্ড। চট্টগ্রামে এবার অবশ্য টস জিতে শুরুতে বোলিং নিয়েছে সফরকারী দল। বাংলাদেশ এবার প্রথমে ব্যাট করবে।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডেটা সিরিজ নির্ধারণী।

একাদশে কারা

শেষ ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। বাদ পড়েছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলাম। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার, তার জায়গায় এসেছেন বেন লিস্টার।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

 

‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?

দীর্ঘ এক দশক পর নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক আসামিকে গ্রেফতারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘গত দশ বছরে সেরা খবর শুনলাম!’

স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, এত বছর পর দৃশ্যমান একটা কিছু দেখতে পেলাম, এটা স্বস্তি দিচ্ছে, যদিও এখনও বিচার হয়নি বা কবে হবে জানি না, তবু দশ বছর পর হলেও কাউকে গ্রেফতার করা হলো, নিশ্চয়ই এ প্রক্রিয়া আরও এগোবে- এমনটাই বিশ্বাস ও প্রত্যাশা করছি।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের সময়ে এই প্রথম একজনকে গ্রেফতার দেখানো হলো।

প্রসঙ্গত, নাট্যকর্মী তনু হত্যার ঘটনায় সে সময় কেঁপে উঠেছিল সারা দেশ। সরব হয়েছিল দেশের সংস্কৃতি অঙ্গন। তারকারাও নেমেছিলেন প্রতিবাদে। তৎকালীন সরকারের কাছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংস্কৃতিকর্মীরা সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সারা দেশে একযোগে প্রতিবাদ সমাবেশ করে। এমনকি কুমিল্লায় রাস্তাও অবরোধ করেন সংস্কৃতিকর্মীরা।

তারই ধারাবাহিকতায় প্রথম গ্রেফতারের প্রতিক্রিয়া জানালেন সাদিয়া আয়মান। তবে এটিই প্রথম নয়—নানা সময়েই সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব থাকেন এ অভিনেত্রী।

বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি অভিনয় করেছেন বাংলাদেশের প্রথম মাইক্রোড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’-তে। এতে তার বিপরীতে দেখা গেছে অ্যালেন শুভ্রকে।

এ প্রসঙ্গে সাদিয়া বলেন, এটি একটি ভিন্নধর্মী নির্মাণ, সামনে হয়তো সংবাদ সম্মেলন করে জানানো হবে। এতটুকু বলতে পারি এটা গতানুগতিক সিরিজের মতো নয়। প্রতিটিই এক দুই মিনিটের সিরিজ। ইউটিউবের মতো ফ্রেমেও নয়, এ সিরিজের ফ্রেম হবে ফেসবুক রিলসের মতো। আশা করছি সবাই এটা উপভোগ করবেন।

মায়ের দোয়া স্টুডিওজের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন মিরাজ হোসেইন।

কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) স্বর্ণের দাম কমার প্রেক্ষাপটে এই সমন্বয় করা হয়েছে। এর ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬৮৩ টাকা, নতুন দর ২ লাখ ২ হাজার ২০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়। মাত্র আট দিনের ব্যবধানে এবার সেই বাড়তি দাম আংশিক সমন্বয় করে কমানো হলো।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই দেশের স্বর্ণবাজারে এ ধরনের সমন্বয় হচ্ছে।