বিসিএসে পুলিশ ক্যাডারে সপ্তম কলারোয়ার কৃতী সন্তান মো. হাবিবুল্লাহ
সংবাদদাতা: জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের কৃতী সন্তান মো. হাবিবুল্লাহ ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সপ্তম স্থান অর্জন করেছেন। গেজেট হওয়ার পর আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করার কথা রয়েছে তাঁর।
মো. হাবিবুল্লাহ মো. আব্দুল হামিদ ও মনোয়ারা খাতুনের সর্বকনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি গভীর মনোযোগের মাধ্যমে তিনি নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাঁর এই অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক এবং কলারোয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সাফল্য অর্জনের আগে মো. হাবিবুল্লাহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক এবং ৪৩তম বিসিএসের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন।
একাধিক সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার দেশের গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।
গ্রামীণ জনপদ থেকে উঠে এসে মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে অনুকরণীয়। মো. হাবিবুল্লাহর এই অর্জন সাতক্ষীরা জেলা, বিশেষ করে কলারোয়া উপজেলার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর সাফল্যে এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণে আরও উৎসাহিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মো. হাবিবুল্লাহর এই গৌরবময় অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেনÑএমন প্রত্যাশা সবার।











