বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।

আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন লিটন। এ ছাড়া বক্তব্য দেন মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা পারভীন ও আশিকুর রহমান।

মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাঁদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Ads small one

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল স্বাগত বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
দেবহাটায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ

নিজস্ব প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কিশোরীদের নিরাপদ ও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে আমাদের যুব টিম। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সংলাপে জেন্ডারভিত্তিক নেতিবাচক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, সংলাপের আগে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনে পৃথক দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে তরুণ-তরুণী অংশ নেন। দুই সেশনে মোট ৬০ জন অংশগ্রহণকারী জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা, নারী ও কিশোরীদের অধিকার, সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী সেশনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে আয়োজিত সংলাপে তরুণদের মতামত ও সুপারিশ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারী ও কিশোরীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন মারুফ সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রেহেনা পারভীন, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলামসহ ধর্মীয় নেতা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ ও নারী নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কর্মী মো. মনিরুল ইসলাম।

আয়োজকরা বলেন, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর সংলাপের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ জেন্ডারভিত্তিক বৈষম্য, ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী

সংবাদদাতা: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাওছার আজিজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সভাপতি জি এম মনিরুল ইসলাম মনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটর মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন ও ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস। এ ছাড়া উন্নয়ন সংস্থা সুশীলনের উপপরিচালক মনিরুজ্জামান মনি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও নিরাময়ী জীবনযাপনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।