বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী

সংবাদদাতা: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাওছার আজিজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সভাপতি জি এম মনিরুল ইসলাম মনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটর মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন ও ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস। এ ছাড়া উন্নয়ন সংস্থা সুশীলনের উপপরিচালক মনিরুজ্জামান মনি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও নিরাময়ী জীবনযাপনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ads small one

পাইকগাছা ইউসিসিএর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
পাইকগাছা ইউসিসিএর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিসিএর সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় ও সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

সভায় বক্তব্য দেন ইউসিসিএর কার্যকরী কমিটির সহসভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, পরিচালক দীপক চন্দ্র সরকার, সমবায়ী আব্দুল আলীম, বৈদ্যনাথ মণ্ডল, পরিদর্শক নিলুফার ইয়াসমিন, মো. মাসুম বিল্লাহ, দিলীপ নারায়ণ রায় ও আফজাল হোসেন।

এ সময় বিআরডিবির এআরডিও চিন্ময় কুমার মণ্ডল ও সঞ্জয় কুমার মণ্ডল, ইউসিসিএর পরিচালক সুধীর চন্দ্র দাশ, মো. লুৎফর রহমান, মো. রেজাউল করিম, দীপংকর রায়, প্রকাশ চন্দ্র মণ্ডল, সুমন চৌধুরী ও মো. আনিছুর রহমানসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, রবীন্দ্রনাথ রায়, গাজী শফিকুল ইসলাম, মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা কামরুল ইসলাম, জহির রায়হান, মাওলানা আফসার উদ্দিন ফিরোজী, মাওলানা শামছুর রহমান, আলহাজ মুরশাফুল আলম, আসাদুল ইসলাম, সোহেল হোসেন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা ওয়াস কুরনী, আল মামুন, তামিম রায়হান ও আব্দুল হালিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল গনি সরদার ও শিক্ষক মো. ইব্রাহিম গাজী। দোয়া পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন ফিরোজী।

রাতের রানি শিউলি ফুল/ প্রকাশ ঘোষ বিধান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
রাতের রানি শিউলি ফুল/ প্রকাশ ঘোষ বিধান

প্রকাশ ঘোষ বিধান

প্রকৃতির স্নিগ্ধতা ও মায়াবী আবেশ ছড়ায় ছোট্ট শিউলি ফুল। রাতের বেলা ফোটা এবং সূর্য ওঠার আগেই ঝরে পড়ার বৈশিষ্ট্যের কারণে ফুলটিকে বলা হয় ‘রাতের রানি’। ভোরে শিউলি গাছের নিচে সাদা-কমলা ফুলের বিছানা তৈরি হয়। শিশিরভেজা ফুলের মিষ্টি সুবাসে চারপাশ ভরে ওঠে এক অপূর্ব স্নিগ্ধতায়।

শরৎ ও হেমন্তের অন্যতম আকর্ষণ শিউলি। এর সাদা পাপড়ির মাঝখানে উজ্জ্বল কমলা রঙের বোঁটা ফুলটিকে দিয়েছে স্বতন্ত্র সৌন্দর্য। ফুলটি আকারে ছোট; সাধারণত পাঁচ থেকে সাতটি সাদা পাপড়ি থাকে। শিউলি গাছের ছাল ধূসর ও কিছুটা নরম, উচ্চতা প্রায় ১০ মিটার পর্যন্ত হতে পারে। এর পাতাগুলো খসখসে এবং বিপরীতমুখী বিন্যাসে সাজানো থাকে। ইংরেজিতে ফুলটি ‘নাইট জেসমিন’ নামেও পরিচিত। হিন্দু পুরাণে একে স্বর্গের ফুল ‘পারিজাত’ বলা হয়েছে।

শিউলি ফুল ছাড়া বাঙালির শারদীয় উৎসব ও দুর্গাপূজার আবহ যেন পূর্ণতা পায় না। হিন্দুধর্মে পূজার্চনায় ফুলটির বিশেষ গুরুত্ব রয়েছে। মাটিতে ঝরে পড়ার পরও শিউলি ফুল পূজার অঞ্জলিতে ব্যবহার করা হয়। এর সৌন্দর্য ও সুবাস বাঙালির শরৎকালীন প্রকৃতি ও উৎসবের সঙ্গে গভীরভাবে মিশে আছে।

পুরাণের কাহিনি অনুসারে, পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যদেবের প্রতি ব্যর্থ প্রেমের কারণে আত্মহত্যা করলে তাঁর চিতাভস্ম থেকে শিউলি গাছের জন্ম হয়। সূর্যের তীব্র আলো সহ্য করতে পারে না বলেই ফুলটি ভোরে ঝরে পড়ে—এমন লোকবিশ্বাসও প্রচলিত রয়েছে।

আবহমান বাংলার এই চিরচেনা ফুলকে ঘিরে পৌরাণিক কাহিনি, গান, কবিতা ও সাহিত্য রচিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর শিউলিকে ‘শেফালি’ নামেও উল্লেখ করেছেন। কাজী নজরুল ইসলামসহ বহু কবি-সাহিত্যিকের সৃষ্টিতে শিউলি ফুলের সৌন্দর্য ও সুবাস স্থান পেয়েছে।

শিউলি ফুলের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে এর ঐতিহ্যগত ব্যবহারও। অতীতে ফুলের কমলা রঙের বোঁটা শুকিয়ে গুঁড়া করে কাপড় রং করার কাজে ব্যবহার করা হতো। এ থেকে সোনালি-হলুদ রং তৈরি করা সম্ভব। ভারতের কিছু অঞ্চলে শিউলি ফুল ও এর বিভিন্ন অংশ খাবার তৈরিতেও ব্যবহৃত হয়। শিউলি পাতার রস লোকজ চিকিৎসায় জ্বর, বাতব্যথা, কৃমি ও কাশির উপশমে ব্যবহারের প্রচলন রয়েছে। তবে এসব চিকিৎসাগত ব্যবহারের কার্যকারিতা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন।

শিউলি কেবল একটি ফুল নয়; এটি বাংলার ঋতুবৈচিত্র্য, শারদীয় উৎসব ও নস্টালজিয়ার এক অনন্য প্রতীক। ভোরের শিশিরে ভেজা সাদা-কমলা পাপড়ি আর মিষ্টি সুবাস নিয়ে শিউলি প্রতিবছর প্রকৃতিকে সাজায় নতুন রূপে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট