শ্যামনগরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি পুরোনো মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার গড়কুমারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, গড়কুমারপুর গ্রামের মুকুল সানার (৫০) বাড়িতে একটি চক্র ১এক্সবেট অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সালাউদ্দিনকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মালিক মুকুল সানার ছেলে।
এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. সরোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।












