শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

এমএ রহিম, বেনাপোল (যশোর): দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পণ্য খালাসের সময় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাহেব আলী (৩৫) নামে এক বন্দর হ্যান্ডলিং শ্রমিক। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বন্দরের একটি গোডাউনে আমদানিকৃত লোহার খাঁচা ক্রেন দিয়ে নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় সোহেল হোসেন (৩২) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত সাহেব আলী বেনাপোলের শাহজালাল আলীর ছেলে। আহত সোহেল একই এলাকার সাদিপুর গ্রামের মোস্তবার আলীর ছেলে।
বন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বন্দরের গোডাউনে ক্রেন দিয়ে পণ্য খালাসের কাজ চলছিল। আকস্মিকভাবে ক্রেনের সিলিং (ভারী লোহার তার) ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের ওপর পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে শার্শার নাভারন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বন্দরে পণ্য লোড-আনলোডের সময় এমন দুর্ঘটনা কাম্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং কেন এমন ঘটল তা তদন্ত করা হবে।”
দুর্ঘটনার পর বন্দরে শ্রমিকদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দর ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, বন্দর প্রতিষ্ঠার পর থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বা কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সামান্য আঘাতেই অনেক শ্রমিকের প্রাণ ঝরে যায়। তিনি আরও বলেন, “নিরাপত্তার অভাব ও অবহেলার কারণে আমাদের ভাইদের প্রাণ যাচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানাই।” নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় বন্দরের সাধারণ শ্রমিকদের মধ্যে এখন চরম উদ্বেগ বিরাজ করছে।

Ads small one

তালায় ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
তালায় ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি: তালায় ‘২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহীদুর রহমান। তালা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সাংবাদিক এস.এম. জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য গাজী আব্দুল জলিল; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু; সাংগঠনিক সম্পাদক বি.এম. বাবলুর রহমান; তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী; ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান শেখ; খলিলনগর জাতীয় পার্টির নেতা মো. আইয়ুব আলী মোড়ল; যুবসংহতি নেতা নেয়ামত আলী মোড়ল ও বাহারুল ইসলাম মোড়ল এবং উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে স্থানীয় উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মাওলানা তাওহীদুর রহমানের পরিচালনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

ব্রহ্মরাজপুর বাজারে জুয়েলার্সের তালা ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুর বাজারে জুয়েলার্সের তালা ভেঙে চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে শ্রী দুর্গা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। দোকানমালিক রাজকুমার মণ্ডল জানান, সকালে পাশের দোকানের ব্যবসায়ী আব্দুল মান্নান তাঁকে দোকানের তালা ভাঙা অবস্থায় থাকার খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে গিয়ে সাটারের তালা লাগানোর অ্যাঙ্গেল, গহনা রাখার শোকেস ও কাজের টেবিলের তালা ভাঙা দেখতে পান।

রাজকুমার মণ্ডল আরও জানান, দুর্বৃত্তরা দোকান থেকে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাজার কমিটিকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার মণ্ডল জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করলেন মেয়র প্রার্থী ফারুকে আজম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করলেন মেয়র প্রার্থী ফারুকে আজম

এমএ রহমান, কেশবপুর (যশোর): আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম।

শুক্রবার বিকেলে তিনি এ কর্মসূচি পালন করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্যোক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন গাজী ফারুকে আজম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রভাষক শাহাজান আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন, ব্যবসায়ী হাফিজুর রহমান, আব্দুল গনি, যুবনেতা আনারুল ইসলাম, শ্রমিক দলের নেতা মিজানুর রহমান, যুবনেতা আব্দুল মালেক ও ঘের ব্যবসায়ী মিনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।