শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরসদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ঈশ্বরীপুর বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু কাওসার।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমবায়ী ও সফল সমবায় সমিতিগুলোকে সম্মাননা ও পুরস্কার দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









