তালায় আগুনের ঘটনায় মামলা ও অপপ্রচারের চেষ্টার অভিযোগ, নুর ইসলামের সংবাদ সম্মেলন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিচালির গাদায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা ফারুক হোসেন জোয়ার্দারকে মামলায় জড়ানোর চেষ্টা এবং তাঁকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলেছেন নুর ইসলাম সরদার। এ ঘটনায় ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার ডাঙ্গানলতা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে নুর ইসলাম সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতারা নাকি ঘোষণা দিয়েছেন, জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলামের পক্ষে কথা বললে তাঁদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হবে। এর পরদিন ভোরে কে বা কারা তাঁর বিচালির গাদায় আগুন দেয়। এ ঘটনায় তিনি তালা থানায় কারও নাম উল্লেখ না করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নুর ইসলামের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে এস এম নজরুল ইসলাম তাঁদের বাড়িতে গিয়ে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন জোয়ার্দারের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন। মামলার খরচ বাবদ দুই থেকে তিন লাখ টাকা বা প্রয়োজনীয় সব টাকা দেওয়ার প্রস্তাবও দেন তিনি। তবে আগুন দেওয়ার ঘটনায় কাউকে দেখেননি বলে মামলা করতে রাজি হননি নুর ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, আগুন দেওয়ার ঘটনার পরপরই বাবলু মোহরী তাঁদের বাড়িতে গিয়ে ভিডিও সাক্ষাৎকার দিতে বলেন এবং বিএনপি নেতাদের নাম উল্লেখ করার পরামর্শ দেন। তাঁদের আপত্তি সত্ত্বেও বাবলু বিএনপির নেতাকর্মী ও ফারুক জোয়ার্দারকে জড়িয়ে সংবাদ প্রচার করেন বলে দাবি করেন তিনি।
নুর ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, তা সত্য নয়। গত সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষের প্রতীকসংবলিত কার্ড গলায় ঝুলিয়ে তিনি প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ সময় এস এম নজরুল ইসলামের অপপ্রচার সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।









