সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

দেশের উন্নয়নে এবং গ্রামীণ জনপদের জীবনমান পরিবর্তনে প্রবাসীদের অবদান সর্বদাই প্রশংসনীয়। প্রবাসের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ কেবল নিজেদের পরিবার বা স্বজনদের সচ্ছলতাই ফেরায় না, অনেক সময় তা গোটা একটি জনপদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধানেও অনুঘটকের ভূমিকা পালন করে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীদের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য জমি ক্রয়ের ঘটনা তেমনই এক অনুকরণীয় দৃষ্টান্ত। যুগ যুগ ধরে চলাচলের উপযোগী রাস্তার অভাবে যে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, প্রবাসীদের এই সম্মিলিত মানবিক উদ্যোগে সেই মানবেতর পরিস্থিতির অবসান ঘটার পথ সুগম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তীব্র সড়কসংকট বিরাজ করছিল। বিশেষ করে মীরডাঙা ও দলুইপুর গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল, উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে পরিবহন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে সীমাহীন কষ্ট পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে গ্রামীণ এই কাঁচা রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ত, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো। সরকারি অনুদান বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের আশায় বসে না থেকে গ্রামের প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে নগদ টাকায় ২৭ শতক জমি ক্রয় করেছেন, যা সমাজসেবা ও প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে, ভালো কাজের সঙ্গে পুরো সমাজ আজ একাত্মতা প্রকাশ করেছে। প্রবাসীদের এই উদ্যোগে মীরডাঙা-দলুইপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের পথ উন্মুক্ত হয়েছে। এর ফলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটবে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। কৃষিপণ্য সহজে বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে।

আমাদের গ্রামীণ সমাজে উন্নয়নের জন্য কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর করে বসে থাকার প্রথা ভাঙতে হবে। মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীরা দেখিয়ে দিয়েছেন যে, সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য ও জনপদের রূপরেখা পরিবর্তন করা সম্ভব। প্রবাসীদের এই মহতী উদ্যোগ দেশজুড়ে বিত্তবান ও প্রবাসীদের জন্য এক অনন্য বার্তা বহন করে। এই ঐক্য ও মানবিক মূল্যবোধের চর্চা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হোক এবং প্রবাসীদের এই অনুকরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।

Ads small one

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক। বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুতে ধাক্কা সামলে তাদের ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। ডানহাতি এই পেসার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।

তাফিউলের সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।

 

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

জন্মভূমি হাইতির টানে আর্জেন্টিনার জার্সি ছেড়ে দিলেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন কিকি রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার বদলে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতেই এই সিদ্ধান্ত ১৭ বছর বয়সী উইঙ্গারের।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর ছোটবেলাতেই তিনি আর্জেন্টিনায় চলে যান। দেশটির একটি পরিবার তাকে দত্তক নেয়। বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস ফুটবলের হাতেখড়ি পান ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে।

প্রতিভাবান এই উইঙ্গার এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। তবে এবার তিনি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ফেডারেশন লিখেছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে তার জন্ম। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন। ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি!’

গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত রামোসকে হাইতির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি। তবে এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তার।

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির হয়ে জাতীয় দলে খেলার পথে বাধা নেই রামোসের। কারণ, প্রীতি ম্যাচে কোনো খেলোয়াড়ের অংশগ্রহণ তাকে স্থায়ীভাবে একটি জাতীয় দলের সঙ্গে আবদ্ধ করে না। ফলে সিনিয়র পর্যায়েও হাইতির প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকছে তার।

পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পোস্তগোলা গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পল্লবী থানা পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় ফার্মগেট বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।