সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় থাকা দোকানঘর ভাড়া সংক্রান্ত একটি বৈঠক চলছিল। এ সময় কয়েকজন বহিরাগত জোরপূর্বক সভায় প্রবেশ করে এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সভা চলাকালে বহিরাগতদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তিনি শুনেছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম-নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যানেজিং কমিটি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।












