লোকদেখানো উন্নয়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
সম্প্রতি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খুলনায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৌন্দর্যবর্ধনের নামে যে আয়োজন করা হয়েছে, তা কেবল একটি শহরের প্রশাসনিক কর্মকাণ্ডের বিষয় নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে লোকদেখানো প্রবণতা ও চাটুকারিতার চর্চা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নগরীর গল্লামারী এলাকায় সড়ক বিভাজকের গাছে সুতা দিয়ে আসল আপেল বেঁধে ঝুলিয়ে রাখার ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাস্যরসের পাশাপাশি সচেতন নাগরিকদের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরকে কেন্দ্র করে শহর সাজানো, রাস্তাঘাট সংস্কার কিংবা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা অস্বাভাবিক কিছু নয়। বরং এসব কাজ নাগরিক জীবনের নিয়মিত উন্নয়ন কার্যক্রমের অংশ হওয়া উচিত। কিন্তু সৌন্দর্যবর্ধনের নামে গাছে সুতা দিয়ে ফল ঝুলিয়ে প্রাকৃতিক ফলনের কৃত্রিম দৃশ্য তৈরির চেষ্টা কোনোভাবেই বাস্তব উন্নয়নের প্রতিফলন হতে পারে না। বরং এটি লোকদেখানো সংস্কৃতি ও প্রশাসনিক অতি-উৎসাহের একটি প্রশ্নবিদ্ধ উদাহরণ।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি শহরের উন্নয়ন কি কেবল গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সফরকে কেন্দ্র করেই দৃশ্যমান হবে? সাধারণ মানুষের প্রতিদিনের চলাচলের রাস্তা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ, যানজট, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের বিষয়গুলো কি কম গুরুত্বপূর্ণ? রাষ্ট্রের উন্নয়ন যদি সফরকেন্দ্রিক সাজসজ্জা ও সাময়িক পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সাধারণ নাগরিক প্রকৃত উন্নয়নের সুফল পাবেন কীভাবে?
আজকের তথ্যপ্রযুক্তির যুগে কোনো ঘটনাই সহজে আড়াল করা সম্ভব নয়। খুলনার এই ঘটনা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের কোনো পর্যায়ের অতি-উৎসাহী কর্মকাণ্ডের কারণে একটি জেলা কিংবা সামগ্রিকভাবে রাষ্ট্রের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়া অনাকাঙ্ক্ষিত। গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দেওয়ার পরিবর্তে যদি কৃত্রিমতা এবং লোকদেখানো আয়োজন গুরুত্ব পায়, তাহলে তা প্রশাসনিক পরিকল্পনা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই দেখা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরকে সামনে রেখে হঠাৎ রাস্তাঘাট পরিষ্কার, দেয়ালে রং করা, সড়কের সৌন্দর্যবর্ধন কিংবা অবকাঠামোগত কাজের তৎপরতা বেড়ে যায়। অথচ এসব কাজ নিয়মিতভাবে করা হলে সাধারণ মানুষ সারা বছরই এর সুফল ভোগ করতে পারতেন। এই প্রবণতা থেকে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে—উন্নয়ন কি নাগরিকের অধিকার, নাকি বিশেষ ব্যক্তিদের সফর উপলক্ষে প্রদর্শনের বিষয়?
একটি আধুনিক রাষ্ট্রে প্রশাসনের দায়িত্ব কোনো ব্যক্তিকে সাময়িকভাবে সন্তুষ্ট করা নয়; বরং জনগণের প্রয়োজন পূরণ, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার করা। সৌন্দর্যবর্ধনের নামে অপ্রয়োজনীয় আয়োজনের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, টেকসই অবকাঠামো, পরিচ্ছন্ন নগরব্যবস্থা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা জরুরি।
রাজনৈতিক ও প্রশাসনিক চাটুকারিতা রাষ্ট্র পরিচালনার জন্য কখনোই ইতিবাচক সংস্কৃতি হতে পারে না। কারণ, চাটুকারিতার পরিবেশে প্রকৃত সমস্যা অনেক সময় আড়ালে থেকে যায়। দায়িত্বশীল ব্যক্তিরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পান না এবং সাধারণ মানুষের প্রয়োজনও যথাযথ গুরুত্ব পায় না। একজন সরকারপ্রধানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত দেশের বাস্তব পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরা, কৃত্রিম সৌন্দর্যের আবরণ তৈরি করা নয়।
আমরা মনে করি, খুলনার এই ঘটনা থেকে সংশ্লিষ্ট প্রশাসনসহ দেশের সব পর্যায়ের দায়িত্বশীল মহলের শিক্ষা নেওয়া প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর উপলক্ষে নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নিয়মিত নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। রাষ্ট্রের মর্যাদা কৃত্রিম আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; বরং তা প্রতিষ্ঠিত হয় সুশাসন, দায়িত্বশীলতা, জনকল্যাণ ও জবাবদিহির মাধ্যমে।
সর্বোপরি, বাংলাদেশকে লোকদেখানো উন্নয়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রে থাকতে হবে সাধারণ নাগরিকের অধিকার ও প্রয়োজন। কারণ, রাষ্ট্র কোনো ব্যক্তির সফরকে কেন্দ্র করে পরিচালিত হয় না; রাষ্ট্র পরিচালিত হয় জনগণের কল্যাণে। চাটুকারিতার সাময়িক প্রদর্শন নয়, জনগণের জন্য বাস্তব ও টেকসই উন্নয়নই হোক প্রশাসনের প্রধান অঙ্গীকার।
লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।












