বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
পাইকগাছায় সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সুশীল সমাজ সংগঠনের (সিএসও) প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন বারসিকের এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মণ্ডল।

প্রশিক্ষণে গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের সিএসও সংগঠনের প্রধান ও সদস্যরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন সরস্বতী হালদার, সুমাইয়া খাতুন, শরিফুল ইসলাম, রিয়া আক্তার, বন্দনা বিশ্বাস, শারমিন আক্তার, শ্যামল সরকার, মনারানী দাস ও বিপ্লব দাস প্রমুখ।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব, পরিবেশগত অধিকার রক্ষা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে ধারণা দেওয়া হয়।

Ads small one

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

ইরানের রাজধানী তেহরানের এক দোকানি অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার চমকপ্রদ মিলের ফুটেজ ইরান ও আরব অনলাইন প্ল্যাটফর্মগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি শুকনো ফল, বাদাম ও মিষ্টি বিক্রেতা। দোকানের ভেতরে একটি ওজন মাপার দাঁড়িপাল্লার পেছনে তার বসে থাকার ভিডিও সামনে আসার পর তিনি নজর কাড়েন। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই তার সঙ্গে নেতানিয়াহুর মুখাবয়ব, চুলের রেখা ও অভিব্যক্তির মিল চিহ্নিত করেন।

ফুটেজটি পরে একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া, তুলনা এবং দোকানির পরিচয় নিয়ে আলোচনার ঢেউ ওঠে। কিছু ব্যবহারকারী তার দোকানের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। অন্যরা মিল তুলে ধরে আরও ভিডিও শেয়ার করেছেন।

তবে প্রথমে যা নিছক হালকা মেজাজের ইন্টারনেট কাণ্ড মনে হয়েছিল, তা কিছুটা বিতর্কিত মোড় নিয়েছে বলে জানা গেছে। তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের ডাক দিয়েছেন।

প্রতিবেদনগুলোয় আরও বলা হয়েছে, এই আকস্মিক প্রচারে তার ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে। কিছু বিবরণে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ে দোকানি হতাশা প্রকাশ করেছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ফুটেজটি আরব গণমাধ্যমেরও দৃষ্টি কেড়েছে। সেখানে ভিডিওটিকে কৃত্রিমভাবে তৈরি চরিত্রের বদলে বাস্তব দোকানির ভিডিও বলে বর্ণনা করা হয়েছে। তবু রেকর্ডিংয়ের মূল উৎস, কবে ধারণ করা হয়েছে এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত নয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল, যা ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনমনের স্পর্শকাতরতা বাড়িয়েছে। সাধারণ নাগরিক ও নামী রাজনীতিকের মধ্যে তুলনা অনলাইনে প্রায়ই হাস্যরসের জন্ম দেয়। তবে বয়কটের এই ডাক দেখায়, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ভাইরাল কনটেন্টের প্রতিও রাজনৈতিক উত্তেজনা কীভাবে জনপ্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

সূত্র: আজার নিউজ

ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি

অক্টোবরে তেল উৎপাদন বাড়িয়ে ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে সৌদি আরব। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত করার আগের শেষ মাস ছিল ফেব্রুয়ারি। তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রফাতানিকারক দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তারা দৈনিক ১ কোটি ৫৬ লাখ ৩ হাজার ব্যারেল (১০ দশমিক ৫৬৩ মিলিয়ন) অপরিশোধিত তেল উত্তোলন করেছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল দৈনিক ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল (৮ দশমিক ৩৭২ মিলিয়ন)।

এটি ২০২৬ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওই মাসে সৌদি আরবের উৎপাদন ছিল দৈনিক ১ কোটি ৮৮ লাখ ২ হাজার ব্যারেল (১০ দশমিক ৮৮২ মিলিয়ন)।

অক্টোবরে বিস্তৃত উৎপাদক জোট ওপেক প্লাসও উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সেকেন্ডারি সূত্রের হিসাবে জোটটি দৈনিক ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল (৪১ দশমিক ২৩ মিলিয়ন) তেল উত্তোলন করেছে, যা সেপ্টেম্বরের চেয়ে দৈনিক ২০ লাখ ৪০ হাজার ব্যারেল (২ দশমিক ০৪ মিলিয়ন) বেশি।

সূত্র: আল জাজিরা

হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়।