নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী
ইরানের রাজধানী তেহরানের এক দোকানি অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার চমকপ্রদ মিলের ফুটেজ ইরান ও আরব অনলাইন প্ল্যাটফর্মগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই ব্যক্তি শুকনো ফল, বাদাম ও মিষ্টি বিক্রেতা। দোকানের ভেতরে একটি ওজন মাপার দাঁড়িপাল্লার পেছনে তার বসে থাকার ভিডিও সামনে আসার পর তিনি নজর কাড়েন। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই তার সঙ্গে নেতানিয়াহুর মুখাবয়ব, চুলের রেখা ও অভিব্যক্তির মিল চিহ্নিত করেন।
ফুটেজটি পরে একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া, তুলনা এবং দোকানির পরিচয় নিয়ে আলোচনার ঢেউ ওঠে। কিছু ব্যবহারকারী তার দোকানের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। অন্যরা মিল তুলে ধরে আরও ভিডিও শেয়ার করেছেন।
তবে প্রথমে যা নিছক হালকা মেজাজের ইন্টারনেট কাণ্ড মনে হয়েছিল, তা কিছুটা বিতর্কিত মোড় নিয়েছে বলে জানা গেছে। তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের ডাক দিয়েছেন।
প্রতিবেদনগুলোয় আরও বলা হয়েছে, এই আকস্মিক প্রচারে তার ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে। কিছু বিবরণে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ে দোকানি হতাশা প্রকাশ করেছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ফুটেজটি আরব গণমাধ্যমেরও দৃষ্টি কেড়েছে। সেখানে ভিডিওটিকে কৃত্রিমভাবে তৈরি চরিত্রের বদলে বাস্তব দোকানির ভিডিও বলে বর্ণনা করা হয়েছে। তবু রেকর্ডিংয়ের মূল উৎস, কবে ধারণ করা হয়েছে এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত নয়।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল, যা ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনমনের স্পর্শকাতরতা বাড়িয়েছে। সাধারণ নাগরিক ও নামী রাজনীতিকের মধ্যে তুলনা অনলাইনে প্রায়ই হাস্যরসের জন্ম দেয়। তবে বয়কটের এই ডাক দেখায়, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ভাইরাল কনটেন্টের প্রতিও রাজনৈতিক উত্তেজনা কীভাবে জনপ্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
সূত্র: আজার নিউজ











