লজ্জা ও সাংবাদিকতা
সচ্চিদানন্দ দে সদয়
লজ্জা মানুষের বিবেকের একটি নীরব ভাষা। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, অন্যায় করে অনুতপ্ত হয় কিংবা নিজের আচরণের সঙ্গে নৈতিকতার অসংগতি খুঁজে পায়, তখনই লজ্জার জন্ম হয়। এই লজ্জা মানুষকে ছোট করে না, বরং আরও দায়িত্বশীল করে তোলে। কিন্তু যে সমাজে লজ্জাবোধ হারিয়ে যায়, সেখানে অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় এই লজ্জাবোধের অনুপস্থিতি আরও উদ্বেগজনক।
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি এক ধরনের নৈতিক অঙ্গীকার। একজন সাংবাদিকের হাতে থাকে কলম, ক্যামেরা কিংবা সংবাদমাধ্যমের পরিচয়। তবে এসবের চেয়েও বড় সম্পদ তাঁর বিবেক, সততা ও বিশ্বাসযোগ্যতা। কারণ একজন সাংবাদিকের প্রকাশিত সংবাদ কারও অধিকার প্রতিষ্ঠা করতে পারে, আবার অসত্য বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কারও সম্মান ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে পারে। তাই এই পেশার ক্ষমতার সঙ্গে দায়িত্বও অনেক বেশি।
কিন্তু বর্তমানে সাংবাদিকতার পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠছে। সাংবাদিকতা কি কারও কারও কাছে পেশাগত দায়িত্বের চেয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের মাধ্যম হয়ে উঠছে? পরিচয়পত্র কি সত্য অনুসন্ধানের হাতিয়ার, নাকি কোথাও কোথাও প্রভাব বিস্তার ও সুবিধা আদায়ের উপায়? সংবাদ সংগ্রহের নামে তদবির, ভয়ভীতি প্রদর্শন, ব্যক্তিস্বার্থ উদ্ধার কিংবা অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ বা গোপন রাখার অভিযোগ কেন বারবার সামনে আসে?
উদ্বেগের বিষয় হলো, এসব অনিয়মের বিরুদ্ধে অনেক সময় পেশার ভেতর থেকেও যথেষ্ট প্রতিবাদ দেখা যায় না। কখনো ব্যক্তিস্বার্থ, দলীয় আনুগত্য ও সাংগঠনিক প্রভাবের কাছে পেশাগত নৈতিকতা পরাজিত হয়। একজন সাংবাদিক যখন অন্যায়ের প্রতিবাদ না করে তার সঙ্গে আপস করেন, তখন তাঁর নীরবতাও দায় তৈরি করে।
সাংবাদিকের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু তিনি নিজেই যদি ক্ষমতার কাছাকাছি থাকার প্রতিযোগিতায় নামেন, তাহলে প্রশ্ন করার সাহস কোথায় থাকে? যিনি অন্যের দুর্নীতি অনুসন্ধান করবেন, তিনি নিজেই যদি স্বার্থের হিসাব করেন কিংবা অন্যের জবাবদিহি চাইতে গিয়ে নিজের জবাবদিহি এড়িয়ে যান, তাহলে সাংবাদিকতার নৈতিক ভিত্তি কোথায় দাঁড়াবে?
সাংবাদিকতার নামে ব্যক্তিগত বিরোধকে সংবাদে রূপ দেওয়া, যাচাই না করে কারও বিরুদ্ধে অভিযোগ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক বক্তব্য ছড়ানো কিংবা সংবাদকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করাও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার সুযোগ দিতে হবে। কারণ সাংবাদিকের কলম আদালতের রায় নয়, অথচ এর প্রভাব অনেক সময় সুদূরপ্রসারী হতে পারে।
সাংবাদিকদের মধ্যে বিভাজন, পদ-পদবির লোভ, সংগঠনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এবং একে অপরকে হেয় করার প্রবণতাও পেশাটিকে দুর্বল করছে। সাংবাদিক সংগঠন হওয়া উচিত অধিকার, নিরাপত্তা, পেশাগত উন্নয়ন ও ঐক্যের জায়গা। সেটি যদি ব্যক্তিগত প্রভাব বিস্তারের মঞ্চে পরিণত হয়, তাহলে সংগঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠবে।
তবে সব সাংবাদিককে একই পাল্লায় মাপা অন্যায়। এখনো অনেক সাংবাদিক আছেন, যাঁরা প্রতিকূলতার মধ্যেও সত্য প্রকাশ করেন এবং হুমকি-প্রতিবন্ধকতার মুখেও পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়ান না। তাঁরা জানেন, সাংবাদিকতার মর্যাদা কোনো পদবি, পরিচয়পত্র কিংবা ক্ষমতাবানদের সান্নিধ্যে নয়; মানুষের আস্থা অর্জনের মধ্যেই নিহিত।
সাংবাদিকতার সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে শুধু অন্যের দিকে আঙুল তুললে চলবে না। প্রত্যেক সাংবাদিককে নিজের কাছেও কিছু প্রশ্ন রাখতে হবে—আমি কি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করি? আমার লেখায় কি ব্যক্তিগত ক্ষোভ বা স্বার্থ কাজ করে? আমি কি সত্যের পক্ষে দাঁড়াই, নাকি সুবিধাজনক অবস্থান বেছে নিই? আমার পরিচয় কি মানুষের আস্থা বাড়াচ্ছে, নাকি বিরক্তির কারণ হয়ে উঠছে?
এই আত্মজিজ্ঞাসা জরুরি। কারণ সাংবাদিকতার সবচেয়ে বড় বিচারক কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা ক্ষমতাবান ব্যক্তি নন; শেষ পর্যন্ত সাংবাদিকের নিজের বিবেক এবং সাধারণ মানুষের আস্থাই তাঁর কাজের মূল্যায়ন করে।
ভুল করা মানুষের স্বাভাবিক প্রবণতা। কিন্তু ভুল বুঝেও তা অস্বীকার করা, অন্যায় করেও নির্লজ্জ থাকা এবং সমালোচনার মুখে আত্মশুদ্ধির পরিবর্তে আক্রমণাত্মক হয়ে ওঠা কোনো সুস্থ পেশার লক্ষণ নয়। সাংবাদিকেরও ভুল হতে পারে। তবে সেই ভুল স্বীকার, সংশোধন এবং প্রয়োজনে ক্ষমা চাওয়ার মানসিকতা থাকতে হবে।
একজন প্রকৃত সাংবাদিকের পরিচয় নির্ধারিত হয় না তাঁর কতগুলো পরিচয়পত্র আছে, কতটি সংগঠনের পদে তিনি আছেন কিংবা কতজন ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে তাঁর ওঠাবসা—এসব দিয়ে। তাঁর প্রকৃত পরিচয় হলো সত্যের প্রতি দায়বদ্ধতা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং মানুষের আস্থা।
যে সাংবাদিক অন্যের লজ্জা প্রকাশ করেন, তাঁর নিজেরও লজ্জাবোধ থাকা প্রয়োজন। যে কলম অন্যের জবাবদিহি নিশ্চিত করতে চায়, সেই কলমের মালিককেও নিজের কাছে জবাবদিহি করতে জানতে হবে।
সাংবাদিকতার আজ সবচেয়ে বেশি প্রয়োজন নতুন পরিচয় নয়, নতুন বিবেক; নতুন পদ-পদবি নয়, নতুন নৈতিকতা। অন্যকে আয়না দেখানোর আগে সাংবাদিক সমাজের নিজেদের আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে। কারণ লজ্জাবোধ হারিয়ে গেলে শুধু ব্যক্তির পতন ঘটে না, প্রশ্নবিদ্ধ হয় পুরো পেশার মর্যাদা। লেখক: সংবাদকর্মী









